সিরিয়ায় ৭৭ বেসামরিক নিহতের খবর স্বীকার মার্কিন-নেতৃত্বাধীন জোটের

আপডেট : ০৭ আগস্ট ২০১৮, ১৩:১১
সিরিয়ার রাকায় বিমান হামলায় ৭৭ বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর সত্য বলে স্বীকার করেছে মার্কিন-নেতৃত্বাধীন জোট বাহিনী। পূর্বে জুন মাসে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করলে তা প্রত্যাখ্যান করেছিল জোট বাহিনী। খবর সিএনএন’র।
 
খবরে বলা হয়, অ্যামনেস্টির এক অনুসন্ধানে বেরিয়ে এসেছিল যে, গত বছরের জুন থেকে অক্টোবরে জোট বাহিনী পরিচালিত বিমান হামলায় অন্তত ৭৭ বেসামরিক নাগরিক নিহত হয়েছে সিরিয়ার। তখন অ্যামনেস্টির প্রতিবেদনটি প্রত্যাখ্যান করলেও পরবর্তীতে এক তদন্তে এ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে জোট বাহিনী।
 
জোট বাহিনী জানিয়েছে, তদন্তে সকল প্রস্তুতির বিষয়, হামলা সম্পর্কিত সকল সিদ্ধান্ত ও সশস্ত্র লড়াইয়ের সকল আইন মূল্যায়ন করা হয়েছে। তবুও অনিচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। 
 
জোট বাহিনী তাদের প্রতিবেদনে আরো জানায়, আমাদের স্থল ও আকাশপথে চালানো সকল অভিযানে আমরা সতর্কভাবে লক্ষ্য নির্ধারণ করেছে। যাতে করে আমাদের অভিযানের প্রভাব বেসামরিক নাগরিক ও অবকাঠামোর ওপর সর্বনিম্নে রাখা যায়। বেসামরিক নাগরিক নিহতের ক্ষেত্রে আমাদের মূল্যায়ন স্বচ্ছ ছিল। আর আমরা নিয়মিতভাবে প্রেস বিজ্ঞপ্তি ও বেসামরিক নাগরিক নিহতের খবর প্রকাশ করে নিজেদের জবাবহিতার আওতায় রেখেছি। 
 
অ্যামনেস্টি অনুসারে, বোমা হামলায় নিহতের মধ্যে ২৪ শিশু ও ২৫ নারীও ছিলেন। তারা ১১২ জন ব্যক্তির সাক্ষাতকারের ওপর ভিত্তি করে তাদের প্রতিবেদন প্রকাশ করেছিল।
 
ইত্তেফাক/ জেআর