উইন্ডিজ সফরে ভালোই সাফল্য পেয়েছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমানের। চোটের কারণে টেস্ট সিরিজে খেলতে না পারলেও ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজে গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে উঠেছিলেন বাংলাদেশের বোলিংয়ের। তিনটি ওয়ানডে আর তিনটি টি-টোয়েন্টি মিলিয়ে ৬ ম্যাচে ১৩ উইকেট লাভ করেছেন তিনি।
মোস্তাফিজের এই পারফরম্যান্সে দেশের ক্রিকেটপ্রেমীদের মতো দারুণ খুশি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তার ফ্রাঞ্জাইজি মুম্বাই ইন্ডিয়ানস। উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর মুম্বাই ইন্ডিয়ান্স নিজেদের ভেরিফায়েড টুইটার পেজে মোস্তাফিজের প্রশংসা করে একটি টুইটও করেছে। সেখানে বলা হয়েছে, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচে ৮ উইকেট, মোস্তাফিজুর রহমান সিরিজটা শেষ করেছে শীর্ষ উইকেট সংগ্রাহক হিসেবে। বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ জয়ে সে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’
মুম্বাই ইন্ডিয়ানসে নাম লিখিয়ে নতুন কিছুর প্রত্যাশা করেছিলেন মোস্তাফিজ। নতুন করে নিজেকে চেনাতে চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত এবারের আইপিএল থেকে শূন্য হাতেই ফিরতে হচ্ছে বাংলাদেশের এই বোলিং তারকাকে। সর্বশেষ আইপিএলে ৭ ম্যাচ খেলে ৮.৩৬ ইকোনমি রেটে ৭ উইকেট পান মোস্তাফিজ।
ইত্তেফাক/আরএ
