হাঙরের আতঙ্ক যে কারও হতে পারে। এমনকী এই প্রজাতি নিয়ে দীর্ঘদিন কাজ করা অভিজ্ঞ গবেষকদেরও। তেমন একটি অভিজ্ঞতার ভিডিও সম্প্রতি ইউটিউবে ভাইরাল হয়েছে।
জানা গেছে, গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের উপকূলবর্তী ওয়েলফ্লিটে ঘটেছে ঘটনাটি।
সাদা হাঙর নিয়ে গবেষণা চালাতে সমুদ্রে গিয়েছিলেন বিশেষজ্ঞ গ্রেগ স্কোমাল। পানির নিচের ছবি তোলার জন্য নৌকার ওপর থেকে একটি লম্বা দণ্ডের মাথায় ক্যামেরা বসিয়ে তিনি পানিতে নামান।
আরও ভাল ছবি তোলার জন্য তিনি ওই দণ্ডটিকে যখন বাঁকাচ্ছিলেন, হঠাৎ একটি হাঙর তাঁর সামনে লাফিয়ে ওঠে। মুহূর্তেই স্কোমালের পা প্রায় হাঙরের মুখের গ্রাসের নাগালে চলে আসে।
আটলান্টিক হোয়াইট শার্ক সংরক্ষণ সংস্থা থেকে ওই ঘটনার ভিডিও শেয়ার করা হয়েছে।
তারা বলছে, সাদা হাঙরকে সচরাচর দেখা যায় না। একইসঙ্গে তাদের সতর্কবার্তা, সাধারণত এই প্রজাতির হাঙর অত্যন্ত মেজাজি হয়। তাই তাদের কাছে না যাওয়াই ভাল।
ইত্তেফাক/রেজা
