সিরিয়ায় আইএস সদস্যকে ফাঁসি দিল সরকারপন্থী ড্রুজ মিলিশিয়ারা

আপডেট : ০৮ আগস্ট ২০১৮, ১১:০৫
সিরিয়ার সরকারপন্থী ড্রুজ মিলিশিয়ারা মঙ্গলবার সইদায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের এক সদস্যকে ফাঁসি দিয়েছে। জিহাদিরা সংখ্যালঘু সম্প্রদায়টির এক তরুণ জিম্মির শিরশ্ছেদ করার মাত্র কয়েকদিন পর তাকে ফাঁসি দেয়া হলো। সিরীয় পর্যবেক্ষণ সংস্থা একথা জানায়। খবর বার্তা সংস্থা এএফপি’র।
 
খবরে বলা হয়, আইএস জঙ্গিরা দুই সপ্তাহেরও কম সময় আগে প্রত্যন্ত একটি গ্রাম থেকে ড্রুজ সম্প্রদায়ের ৩০ জন বেসামরিক নাগরিককে অপহরণ করে। এদের মধ্যে নারী ও শিশু রয়েছে। জিহাদিরা দক্ষিণাঞ্চলীয় এ প্রদেশে নির্মম হত্যাযজ্ঞ চালানোর সময় এদের অপহরণ করে।
 
জিম্মি ও শিরশ্ছেদের ঘটনায় ড্রুজদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হওয়ায় মঙ্গলবার মিলিশিয়ারা এক আইএস সদস্যকে ফাঁসিতে ঝুলিয়ে এর প্রতিশোধ নেয়।
 
মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থার প্রধান রামি আব্দেল রাহমান বলেন, সইদা এলাকায় সরকার-পন্থীদের ওপর হামলার সময় আইএসের এক সদস্যকে আটক করা হয়েছিল। বাসস।
 
ইত্তেফাক/ জেআর