লর্ডস টেস্টে নামার আগে বিরাট কোহালিকে প্রশংসায় ভাসিয়ে দিলেন শচিন টেন্ডুলকার। ইংল্যান্ড সফরে ভারতীয় অধিনায়কের ব্যক্তিগত পারফরমেন্সের ভূয়সী প্রশংসাও করেন লিটল মাস্টার। তবে আত্মতুষ্টিতে যাতে না ভোগেন কোহলিকে সেই পরামর্শও দিয়েছেন তিনি|।
এডবাস্টন দুই ইনিংয়ে ১৪৯ ও ৫১ রান করেন কোহলি। তার এই পারফরমেন্সে মুগ্ধ শচিন বলেন, আমি বিরাটকে বলতে চাই, দারুণ খেলছ। আশপাশে কী হচ্ছে তা নিয়ে ভেব না, তুমি কী অর্জন করতে চাও তাতেই ফোকাস করো। আর হৃদয় দিয়ে সেই পথে খেলে যাও।
পাশাপাশি শচিন সতর্কও করে দিয়েছেন বিরাটকে। তিনি বলেছেন, কখনও তুষ্ট হবে না। আত্মতুষ্টি এলেই পতন শুরু হয়। খুশি হওয়া ভাল ব্যাপার। কিন্তু ব্যাটসম্যান হিসেবে নিজের খেলায় সন্তুষ্ট হওয়া চলবে না। বোলারদের দশ উইকেটের বেশি পাওয়ার উপায় নেই। সেখানে ব্যাটসম্যানের কিন্তু এগিয়ে যাওয়ার সীমা নেই। তাই খুশি থাক, কিন্তু তৃপ্ত নয়।
শচিন মনে করেন বয়স নয়, পারফরম্যান্স দেখেই দলের জন্য কোনও ক্রিকেটারকে নির্বাচন করা উচিত। নিজের উদাহরণ দিয়েই তিনি বলেন, আমি যখন প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলি, তখন আমার বয়স মাত্র ১৬। তাতে বরং ভালো হয়েছিল। ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, ইমরান খান ও আব্দুল কাদিরদের বিরুদ্ধে ব্যাটিং করা যে আসলে কী, তা তখন জানতামই না। তখন সম্ভবত এটাই ছিল সেরা বোলিং আক্রমণ।
ইত্তেফাক/কেআই
