তৃতীয় কোনো দেশের কোনো ব্যক্তি অতীতে বড় ধরনের বিনিয়োগ করে থাকলে তাকে নাগরিকত্ব দিচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) কয়েকটি দেশ। এরকম নাগরিকের সংখ্যা নিয়মিত হারে বৃদ্ধি পাচ্ছে। এমতাবস্থায় নাগরিকত্ব প্রদানের ক্ষেত্রে ইইউ জোট-ভুক্ত দেশগুলোর প্রতি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে ইউরোপীয় কমিশন৷ খবর ডয়েচে ভেলের।
উদ্ধৃত করে খবরে বলা হয়, জার্মান দৈনিক ডি ভেল্টে মঙ্গলবার প্রকাশিত একটি সাক্ষাৎকারে নাগরিকত্ব প্রদানে সতর্কতা অবলম্বনের আহবান জানান জাস্টিস কমিশনার ইয়েরা ইয়োরোভা।
ইয়োরোভা বলেন, তৃতীয় কোনো দেশের কোনো ব্যক্তি অতীতে বড় ধরনের বিনিয়োগ করে থাকলে তাকে নাগরিকত্ব দিচ্ছে ইইউভুক্ত অনেক দেশ এবং এ সব দেশের সংখ্যা ক্রমশ বাড়ছে৷
এছাড়া ‘গোল্ডেন পাসপোর্টের’ সংখ্যা বৃদ্ধি নিয়ে কমিশন ‘খুবই উদ্বিগ্ন' বলে জানান এই চেক রাজনীতিক৷
ইয়েরোভা বলেন, কেউ নাগরিকত্ব পেলে তিনি ইইউ’র নাগরিক অধিকার ভোগ করতে পারেন এবং ইউনিয়নজুড়ে তার অবাধ চলাচলের সুযোগ থাকায় তাতে গুরুতর নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়৷ ইইউ অপরাধী, দুর্নীতিবাজ ও অবৈধ অর্থের ‘নিরাপদ স্বর্গ’ হতে পারে না বলে মন্তব্য করেন তিনি৷
উল্লেখ্য, কেউ ইইউ পাসপোর্ট পেলে তিনি জোটভুক্ত ২৮টি দেশে স্বাধীনভাবে চলাচলসহ অনেক অধিকারপ্রাপ্ত হন৷
বর্তমানে জোটের ১৩টি দেশ ‘গোল্ডেন ভিসা’ দিচ্ছে৷ এগুলো হলো – অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, সাইপ্রাস, গ্রিস, লাটভিয়া, লিথুনিয়া, মাল্টা, মোনাকো, পর্তুগাল, স্পেন, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্য৷ ডয়েচে ভেলে।
ইত্তেফাক/ জেআর
