নৌ রুটে চাঁদাবাজির অভিযোগে রূপগঞ্জে তারাবো এলাকার শীতলক্ষ্যা নদী থেকে ৫ চাঁদাবাজকে আটক করেছে র্যাব-১১। এ সময় তাদের কাছ থেকে নগদ ৯৮ হাজার ৬শ টাকাসহ চাঁদাবাজিতে ব্যবহৃত ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়। বুধবার সিদ্ধিরগঞ্জের আদমজী র্যাব কার্যালয় থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটককৃতরা হলো- মোঃ নূর আলম ভূঁইয়া (৪৯), মন মোহন বিশ্বাস (৩৫), মোঃ ইলিয়াস ফকির (৪৩), সোহানুর রহমান ওরফে সুমন প্রধান (২৫) এবং মোঃ ওমর ফারুক (৩৪)।
র্যাব জানায়, মঙ্গলবার বিকালে র্যাব-১১ এর একটি বিশেষ দল তারাবো এলাকায় সুলতানা কামাল ব্রিজের নিচে অভিযান চালিয়ে চাঁদাবাজি করার সময় ৫ জনকে আটক করে। এই অসাধু চক্রটি অত্র এলাকায় নৌ শ্রমিকদের ভয়ভীতি ও হুমকি দিয়ে চাঁদা আদায় করে আসছে দীর্ঘদিন যাবৎ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ইত্তেফাক/বিএএফ
