আগ্রাসী মানসিকতার শিরিন মাজারি হতে পারেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

আপডেট : ০৯ আগস্ট ২০১৮, ২০:৩১
 
এখনো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেননি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টি (পিটিআই) এর প্রধান ইমরান খান। তবে এর মধ্যে তার মন্ত্রিসভার সদস্য কে হচ্ছেন তা নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে। ভারতের হিন্দুস্তান টাইমস পত্রিকার এক খবরে বলা হয়েছে, পিটিআই নেতা শিরিন মাজারিকে নতুন সরকারের প্রতিরক্ষামন্ত্রী করা হতে পারে। যিনি এক সময় ভারতের জনবহুল স্থানে পরমাণু অস্ত্র হামলার পক্ষে ছিলেন। ইসলামাবাদভিত্তিক স্কলার শিরিন মাজারি পিটিআই প্রধান ইমরান খানেরও ঘনিষ্ঠ।
 
খবরে বলা হয়, ১৯৯৯ সালের অক্টোবরে একটি প্রতিরক্ষা বিষয়ক সাময়িকীতে শিরিন ভারতের জনবহুল এলাকায় পরমাণু অস্ত্র হামলার পক্ষে সায় দিয়েছিলেন। তিনি বলেছিলেন, যুদ্ধের পরিস্থিতিতে ইসলামাবাদের উচিত দিল্লি এবং মুম্বাইয়ের কাছাকাছি থাকা পরমাণু অস্ত্রভাণ্ডারগুলো ধ্বংস করে দেওয়া। এগুলো ভারতের জনবহুল স্থানের কাছাকাছিই রয়েছে। তার মতো একজন আগ্রাসী মনোভাবাপন্ন ব্যক্তির পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী হতে পারেন এমন খবরে নতুন আশঙ্কা উঁকি দিচ্ছে।
 
বিশেষজ্ঞদের মতে, শিরিন এই পদে আসীন হলে ভারতসহ পশ্চিমা দেশগুলোর সঙ্গে পাকিস্তানের সম্পর্কে আরো নেতিবাচক প্রভাব পড়তে পারে। প্রসঙ্গত, শিরিন মাজারি এর আগে একটি ইংরেজি দৈনিকের সম্পাদক ছিলেন।
 
ইত্তেফাক/মোস্তাফিজ