ফ্লোরিডার নির্বাচনী ব্যবস্থায় অনুপ্রবেশ করেছে রাশিয়া: মার্কিন সিনেটর

আপডেট : ০৯ আগস্ট ২০১৮, ১৪:২৫
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের নির্বাচনী ব্যবস্থায় রুশ হ্যাকারদের অনুপ্রবেশের অভিযোগ তুলেছেন রাজ্যের ডেমোক্রেট সিনেটর বিল নেলসন। তিনি বলেছেন, নভেম্বরে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের আগে ‘সিস্টেম’ যথাযথভাবে রক্ষা করা না গেলে রুশ হ্যাকাররা নিবন্ধিত ভোটারদের তালিকায় হস্তক্ষেপ করতে পারে। বুধবার টাম্পা বে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটা জানান তিনি।
 
নেলসন বলেন, তারা ইতিমধ্যে রাজ্যের বেশ কয়েকটি কাউন্টিতে অনুপ্রবেশ করেছে। তারা এখন অবাধে বিচরণ করতে পারবে। নেলসন ও রিপাবলিকান সিনেটর মার্কো রুবিও ফ্লোরিডার ৬৭টি কাউন্টির নির্বাচন অধীক্ষকদের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। সেখানে নির্বাচনী ব্যবস্থার ত্রুটিগুলো উল্লেখ করেছেন নেলসন।
 
তিনি বলেন, সিনেট ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান আমাদের অনুরোধ করেছিল যে, আমরা যাতে অধীক্ষকদের রুশ অনুপ্রবেশের বিষয়ে জানাই। 
 
কিন্তু নির্বাচনে তত্ত্বাবধানের দায়িত্বে থাকা পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা নেলসন বা রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার কাছ থেকে রুশ অনুপ্রবেশের বিষয়ে কোন তথ্য পায়নি। 
 
উল্লেখ্য, আগামী মধ্যবর্তী নির্বাচনে ফ্লোরিডার ক্ষমতাসীন গভর্নর রিক স্কটের বিরুদ্ধে লড়াই করবেন নেলসন। 
 
ইত্তেফাক/ জেআর