ক্ষমা চাইবেন না ট্রুডো, আরো কঠোর ব্যবস্থা নেবে সৌদি

আপডেট : ০৯ আগস্ট ২০১৮, ১৪:৫৬
সৌদি আরবে মানবাধিকার কর্মীদের ছেড়ে দেয়ার আহ্বান জানানোর জন্য দেশটির কাছে ক্ষমা চাইবেন না বলে জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বুধবার এমনটা জানান তিনি। খবর বার্তা সংস্থা এএফপি’র।
 
খবরে বলা হয়, কানাডার বিরুদ্ধে বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেয়ার বিষয়টি বিবেচনা করছে বলে জানিয়েছে সৌদি আরব। সোমবার থেকেই দেশ দু’টির মধ্যে উত্তেজনা চলছে। রিয়াদ কানাডার রাষ্ট্রদূতকে বহিষ্কার ও কানাডা থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয়। এছাড়াও দেশটি কানাডার সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন এবং বিনিয়োগ স্থগিত করেছে।
 
কানাডা প্রকাশ্যে সৌদি আরবে মানবাধিকার কর্মীদের ওপর দমন অভিযানের কঠোর নিন্দা জানানোয় রিয়াদ কানাডার বিরুদ্ধে পদক্ষেপ নেয়।  কিন্তু বুধবার ট্রুডো তার সিদ্ধান্তে অনড় থাকার ঘোষণা দিয়েছেন।
 
তিনি বলেন, ‘মানবাধিকারের ব্যাপারে কানাডা সব সময়ই একান্তে ও প্রকাশ্যে দৃঢ় ও স্পষ্ট ভাষায় কথা বলে।’ তিনি আরো বলেন, ‘আমরা সৌদি আরবের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটাতে চাই না।’
 
বুধবার সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সৌদি আরব কানাডায় সকল চিকিৎসা সেবা নেয়া বন্ধ করে দিয়েছে। সরকার সকল সৌদি রোগীদের অন্যান্য দেশে স্থানান্তরের জন্য কাজ করছে।
 
তবে সৌদি আরবের অর্থনীতির সুরক্ষার স্বার্থে দেশটির জ্বালানী মন্ত্রী খালিদ আল-ফালিহ বলেন, এই বিরোধের কারণে বৃহৎ তেল কোম্পানি আর্মাকোর কানাডিয়ান মক্কেলদের ওপর প্রভাব পড়বে না। বাসস।
 
ইত্তেফাক/ জেআর