চট্টগ্রাম নগরীতে ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার নগরীর শাহ আমানত সেতু ও কাজীর দেউড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মো. ফারুক, ফরিদ আলম ও আলী হোসেন। তাদের কাছ থেকে ৬ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো অঞ্চলের উপ-পরিচালক শামীম আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে নগরীর কর্ণফুলী সেতু সংলগ্ন বশিরুজ্জামান চত্বর থেকে মো. ফারুককে আটক করা হয়। তার কাছে চার হাজার ইয়াবা পাওয়া যায়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে কাজীর দেউড়ি মোড় থেকে আরও ২১০০ ইয়াবাসহ বাকি দু‘জনকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটক ব্যক্তিরা কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা এনে চট্টগ্রামে বিক্রি করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
এদিকে, ফেনী জেলার সদর থানাধীন এসএসকে রোড থেকে ৩৫ হাজার পিস ইয়াবাসহ আব্দুর রহিম নামে একজনকে আটকের কথা জানিয়েছে র্যাব। উদ্ধার ইয়াবার মূল্য ১ কোটি ৪০ লাখ টাকা। র্যাব-৭ এর জনসংযোগ কর্মকর্তা মিমতানুর রহমান এ তথ্য জানান।
ইত্তেফাক/কেআই
