দুই কোরিয়ার শীর্ষ নেতারা তৃতীয়বারের মতো বৈঠক করতে যাচ্ছেন। এ নিয়ে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে। আগামী সপ্তাহে এ নিয়ে আলোচনার জন্য মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। খবর নিউ ইয়র্ক টাইমসের।
খবরে বলা হয়, গত এপ্রিল এবং মে মাসে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দুইবার বৈঠকে মিলিত হন।
দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা সমপ্রতি কিম জং উনের সঙ্গে আরেকটি বৈঠকের আগ্রহ প্রকাশ করেন। শিগগিরই এই বৈঠক আয়োজনের আহবান জানিয়েছিলেন কর্মকর্তারা। বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কিম জং উনের বৈঠকের অগ্রগতি নিয়ে আলোচনার কথা রয়েছে।
পিয়ংইয়ং সফরের জন্য প্রেসিডেন্ট মুনকে আমন্ত্রণ জানিয়েছেন কিম জং উন। মুন সেই আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন। তবে পিয়ংইয়ংয়েই মুন জায়ে ইন যাবেন কিনা সেই বিষয়টি স্পষ্ট নয়। দুই কোরিয়ার মধ্যবর্তী গ্রাম পানমুনজামেও বৈঠকটি হতে পারে। যদিও তারিখ এখনো নির্দিষ্ট করা হয়নি।
দক্ষিণ কোরিয়ার পুন:একত্রীকরণ মন্ত্রণালয়ের কর্মকর্তা জানান, আগামী সোমবার মন্ত্রী পর্যায়ের বৈঠক করার প্রস্তাব দিয়েছে উত্তর কোরিয়া।
ইত্তেফাক/ জেআর
