কুমিল্লা মেডিকেলে ৫ম তলা থেকে পড়ে নার্সের মৃত্যু

আপডেট : ১০ আগস্ট ২০১৮, ১১:৪৫
 
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ডরমেটরি ভবনের ৫ম তলা থেকে পড়ে আকরিমা আক্তার (৩৫) নামে এক সিনিয়র স্টাফ নার্সের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে ওই হাসপাতালের ভিতরে আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ডা. স্বপন কুমার অধিকারী।
 
জানা যায়, আকরিমা শুক্রবার সকালে ওই ভবনের ৫ম তলায় ওঠে সবজি বাগান পরিচর্যা করছিলেন। এসময় এক ভবনের ছাদ থেকে অন্য ভবনের ছাদে যাওয়ার জন্য পুরনো টিনের ওপর পা দেন। এতে মুহূর্তের মধ্যেই ওই টিন ভেঙে তিনি নীচে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় তাকে দেখতে হাসপাতালের অন্যান্য সহকর্মীরা ছুটে আসেন এবং কান্নায় ভেঙ্গে পড়েন। পরে ময়নাতদন্তের জন্য হাসপাতালের ফরেনসিক বিভাগে তার লাশ প্রেরণ করা হয়।
 
ইত্তেফাক/মোস্তাফিজ