বন্যার কবল থেকে ১৬০০ ‘ক্যাম্পারকে’ উদ্ধার করলো ফ্রান্স

আপডেট : ১০ আগস্ট ২০১৮, ১৪:৩৮
বন্যার কবল থেকে ১৬০০ ক্যাম্পারকে উদ্ধার করেছে  ফ্রান্স। কর্মকর্তারা জানিয়েছে, দক্ষিণাঞ্চল থেকে দেড় হাজারের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। এদের বেশিরভাগই বাইরে তাঁবু টাঙিয়ে ক্যাম্পিং করছিলেন। খবর বিবিসি’র।
 
কর্মকর্তাদের উদ্ধৃত করে খবরে বলা হয়, একটি শিবিরে (ক্যাম্প) শিশুদের দেখাশোনাকারী এক ৭০ বছর বয়সী জার্মান ব্যক্তি নিখোঁজ রয়েছেন। 
 
বন্যায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে দক্ষিণাঞ্চলের গার্ড, আর্ডেচে ও ড্রোম এলাকা। সবমিলিয়ে পরিস্থিতি সামাল দিতে চার শতাধিক দমকল কর্মী, পুলিশ সদস্য ও চারটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।   
 
অস্বাভাবিক গরম আবহাওয়ার মধ্যে এই বন্যা পরিস্থিতির সৃষ্টি হল ফ্রান্সে। যুক্তরাজ্যের আবহাওয়া অধিদপ্তরের মার্কো পেটাগনা বলেন, ফ্রান্সে প্রতিদিন গড়ে ৩ ইঞ্চি করে বৃষ্টি পড়ছে। 
 
ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ছয়টি বিভাগে বন্যা সতর্কতা জারি করা হয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পূর্ব অঞ্চলে বিদ্যুৎ-বিচ্ছিন্ন অবস্থায় আছে ১ হাজার ৭০০’র বেশি বাড়ি। 
 
ইত্তেফাক/ জেআর