আগামী বছর থেকে প্ল্যাস্টিক ব্যাগের এককালীন ব্যবহার নিষিদ্ধ করতে চলেছে নিউজিল্যান্ড। দেশটির খুচরা প্ল্যাস্টিক ব্যাগ বিক্রেতাদের ছয় মাস সময় দেয়া হবে ব্যাগের বিপণন বন্ধ করার জন্য। বিপণন বন্ধ না করা হলে সর্বোচ্চ ৫১ হাজার ডলার পর্যন্ত জরিমানা করা হতে পারে। সম্প্রতি এমন ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। খবর দ্য গার্ডিয়ানের।
আরডার্নকে উদ্ধৃত করে খবরে বলা হয়, আমরা প্ল্যাস্টিক ব্যাগের এককালীন ব্যবহার বন্ধ করতে চলেছি, যাতে করে আমরা আমাদের পরিবেশের ভাল দেখভাল করতে পারি। নিউজিল্যান্ডের সবুজ সুখ্যাতি রক্ষা করতে পারি।
তিনি বলেন, প্রতি বছর নিউজিল্যান্ডে লাখ লাখ প্ল্যাস্টিক ব্যাগের এককালীন ব্যবহার হয়। এক পাহাড় সমান ব্যাগ জমা হয়ে আমাদের মূল্যবান উপকূল ও সামুদ্রিক পরিবেশের ক্ষতি করে। সকল ধরণের সামুদ্রিক প্রাণীর গুরুত্বর ক্ষতি করে। অথচ প্ল্যাস্টিকের টেকসই বিকল্প রয়েছে- ভোক্তা ও ব্যবসায়ীদের জন্য।
আরডার্ন বলেন, এই বিষয়টি পরিষ্কার যে, নিউজিল্যান্ড এই সমস্যা দূরীকরণে পদক্ষেপ নিতে চায়। এসময় তিনি প্ল্যাস্টিক ব্যবহারের বিরুদ্ধে ৬৫ হাজার মানুষের একটি পিটিশনের দিকে ইঙ্গিত করেন।
ইত্তেফাক/ জেআর
