লালমনিরহাট সদর উপজেলার মণ্ডলেরহাট এলাকায় শনিবার সড়ক দুর্ঘটনায় রায়হান মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। রায়হান মিয়া রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বাসিন্দা। তিনি সুপার স্টার কোম্পানির মার্কেটিং অফিসার হিসেবে কমরত ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, মোটরসাইকেল চালানোর সময় মোবাইল ফোনে কথা বলতে বলতে লালমনিরহাট আসছিলেন রায়হান। মণ্ডলেরহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে একটি গাড়ি তার সামনে চলে এলে মোবাইল ফোনটি রাখতে গিয়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় ওই গাড়ির সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই রায়হানের মৃত্যু হয়।
লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/ইউবি
