যুক্তরাষ্ট্রের চার্লট্টেসভিলেতে উগ্র ডানপন্থী সহিংস সমাবেশের এক বছর পূর্তিতে সেখানে বিক্ষোভ করেছে শত শত শিক্ষার্থী ও বামপন্থী কর্মীরা। স্থানীয় সময় শনিবার জড়ো হয় তারা। গত বছর ভার্জিনিয়া অঙ্গরাজ্যের এই শহরটিতে শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীদের সমাবেশ সহিংস রূপ নিয়েছিল। প্রাণহানী হয়েছিল হেদার হেয়ের নামের এক নারীর। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
খবরে বলা হয়, এই বছর পুনরায় সহিংসতার আশঙ্কায় আগ থেকেই কড়া ব্যবস্থা নিয়েছে নিরাপত্তাবাহিনী। অনেকে পুলিশ-বিরোধী স্লোগান দিয়েছেন। এছাড়া ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়া-বিরোধী স্লোগানও শোনা গেছে।
গত বছর শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীদের বিক্ষোভের বিরুদ্ধ পাল্টা বিক্ষোভ করেছিল অনেকে। ওইসব বিক্ষোভকারীদের মারধোর করা হয়েছিল বিশ্ববিদ্যালয়ে। এছাড়া, বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ইহুদি-বিরোধী স্লোগান গেয়ে হাতে মশাল নিয়ে মহড়া দিয়েছিল নিও-নাজিরা।
বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী জানিয়েছে, এইবারের পুলিশি ব্যবস্থা অতিমাত্রায় কড়া। সমাবেশের এক পর্যায়ের পুলিশরা দাঙ্গা পরিস্থিতি সামলানোর মতো অবস্থান নেয়। তখন বিক্ষোভকারীরা চীৎকার করে বলে, আপনারা এই অবস্থান কেন নিয়েছেন? এখানে তো দাঙ্গা নেই। পরবর্তীতে কোন প্রকার সংঘর্ষ ছাড়াই শেষ হয় পুলিশি অবরোধ।
সবমিলিয়ে পুলিশ নগণ্য অপরাধের জন্য তিন ব্যক্তিকে গ্রেফতার করেছেন। এদের মধ্যে একজনের বয়স ৬৪ বছর। পুলিশ পুরো বিক্ষোভের সময় শহরটির ১৫টি ব্লক অবরোধ করে রেখেছিল।
ইত্তেফাক/ জেআর
