চবিতে পরিবহন সংকট নিরসনের দাবিতে বিক্ষোভ

আপডেট : ১২ আগস্ট ২০১৮, ২১:০০
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চলমান পরিবহন সংকট নিরসনের দাবিতে প্রগতিশীল ছাত্রজোট বিক্ষোভ সমাবেশ করেছে। রবিবার দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন চত্বরে এ বিক্ষোভ সমাবেশ করে তারা।
 
সমাবেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের চবি সংসদের সাধারণ সম্পাদক গৌরচাঁদ ঠাকুরের সঞ্চালনায় ও সভাপতি ধীষণ প্রদীপ চাকমার সভাপতিত্বে বক্তব্য দেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চবি শাখার সাধারণ সম্পাদক আহসান হাবীব এবং ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক শুভ মারমা প্রমুখ।
 
সমাবেশে বক্তারা বলেন, বিভিন্ন ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের শাটল ট্রেনে বগিবৃদ্ধিসহ পরিবহন সংকট নিরসনের দাবি যৌক্তিক। প্রগতিশীল ছাত্রজোট দীর্ঘদিন ধরে শাটল ট্রেনের বগি বাড়ানো, বগি সংস্কার, শাটলে নিরাপত্তা প্রদান, রেলের ডাবল লাইন চালু ও ছাত্রবাস চালু করাসহ বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবহন সংকট সমাধানের জন্য আন্দোলন করে আসছে। ছাত্রদের বিভিন্ন যৌক্তিক দাবি নিয়ে প্রগতিশীল ছাত্রজোট সবসময় সাধারণ ছাত্রদের সঙ্গে নিয়ে আন্দোলন করেছে, বর্তমানেও করছে।
 
ইত্তেফাক/আরকেজি