ইনিংস ও ১৫৯ রানে হারল ভারত

আপডেট : ১৩ আগস্ট ২০১৮, ০৪:১৩
প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্টে ভারত ঘুরে দাঁড়ানোর আশা করেছিল। কিন্তু হলো উল্টো। ইংল্যান্ডের বোলিংয়ের কাছে উল্টো মুখ থুবড়ে পড়ল ভারতীয় ক্রিকেটারদের পারফরম্যান্স। লর্ডসে দ্বিতীয় টেস্টে ইনিংসে এবং ১৫৯ রানে হারল তারা।
 
বৃষ্টির কারণে পাঁচদিনের ম্যাচ নেমে এসেছিল চারদিনে। সেই চারদিনও প্রয়োজন হলো না ইংলিশদের। ভারত প্রথম ইনিংসে ১০৭ রানে অলআউট হওয়ার পর সাত উইকেটে ৩৯৬ রানে ইনিংস ঘোষণা করে ইংলিশরা। পরে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৩০ রানেই গুটিয়ে যায় ভারত। ফলে বড় ব্যবধানে এই হার মানতে হয় তাদের। 
 
রবিবার স্টুয়ার্ট ব্রড আর অ্যান্ডারসনের জোড়া আক্রমণে ভারতের ব্যাটিং অর্ডার যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ে। অ্যান্ডারসন এ দিন তার ১০০ তম উইকেটটি নেন। ভারতের অধিনায়ক কোহলি পিঠের ব্যাথায় কাবু ছিলেন। ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেননি। ১৭ রানেই ব্রড তাঁর উইকেটটা তুলে নেন। 
 
এ দিন শুরু থেকেই ভারতের ব্যাটিং পারফরম্যান্স ছিল নড়বড়ে। মুরলী বিজয় শূন্য রানেই প্যাভিলিয়নে ফিরে যান। এর পর পুজারা, রাহুল-রাহানে-হার্দিক পাণ্ড্যরা ক্রিজে নিজেদের আধিপত্য কায়েম করতে পারেনি। নেপথ্যে অ্যান্ডারসন-ব্রডের সাঁড়াশি আক্রমণ।
 
আশঙ্কাটা জেগেছিল ইংল্যান্ড বিশাল রানের লিড নেওয়ার পর। তবে সেই আশঙ্কাটা এক ধাক্কায় বহু গুণ বাড়িয়ে দিয়েছিল ক্রিস ওকসের সেঞ্চুরি। ১৩৭ রানে অপরাজিত ছিলেন তিনি। সম্ভবত ক্রিসের ব্যাটিংই ইঙ্গিতটা দিয়ে দিয়েছিল। তার উপর ইংল্যান্ডের দাপুটে বোলিং আর ফিল্ডিং— দুইয়ে মিলে ভারতীয় ব্যাটসম্যানদের মাথা তুলে দাঁড়াতে দেয়নি।
 
হারের দায় স্বীকার করে নিয়েছেন বিরাট। বলেন, ‘এটাই আমাদের প্রাপ্য ছিল। যে ধরনের খেলা আমরা খেললাম, তা মোটেই সন্তোষজনক নয়।’ পাশাপাশি তিনি ইংল্যান্ডের প্রশংসাও করেন।
 
পাঁচ ম্যাচের সিরিজে ইতিমধ্যেই ভারত ০-২ ফলাফল পিছিয়ে গিয়েছে। আগামী শনিবার থেকে ট্রেন্ট ব্রিজে তৃতীয় টেস্ট। ভারতের জন্য ম্যাচটি হবে বাঁচামরার লড়াই। কারণ হেরে গেল হাতছাড়া হয়ে যাবে সিরিজও। 
 
ইত্তেফাক/কেআই