অব্যবস্থাপূর্ণ অর্থনীতি ইরানের জন্য ক্ষতিকর : খামেনি

আপডেট : ১৪ আগস্ট ২০১৮, ১০:০৮
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি দেশটির সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার চেয়ে অর্থনীতির অব্যবস্থাপনা ও অপব্যবহার ইরানের জন্য ক্ষতিকর। দেশটিকে আরও ভালোভাবে সাহায্য করতে এর কার্যকারিতা উন্নত করা প্রয়োজন। সোমবার দেশটির রাষ্ট্রীয় টিভি চ্যানেলে প্রচারিত এক প্রতিবেদনে তার এ বক্তৃতাকে উদ্ধৃত করে এ কথা বলা হয়। খামেনি ইরানের এ অবস্থাকে ‘অর্থনৈতিক যুদ্ধ’ বলে আখ্যায়িত করেছেন।
 
খামেনি বলেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের চেয়েও ইরানের সরকারের অর্থনৈতিক অপব্যবহারকারীরা দেশটির সাধারণ মানুষের ওপর চাপ তৈরি করেছে। আমি এটাকে বিশ্বাসঘাতকতা না বলে বরং ব্যবস্থাপনায় একটি বড় ভুল বলতে চাই। ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেল খামেনির বক্তব্যকে উদ্ধৃত করে বলেছে, খামেনির এ বক্তব্য যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের প্রথম প্রতিক্রিয়া।
 
খামেনি আরও বলেন, ভালো ব্যবস্থাপনা এবং পরিকল্পনা দিয়ে আমরা নিষেধাজ্ঞাকে প্রতিহত করতে পারি। তাদের পরাজিত করতে পারি। তেহরানে হাজার মানুষের সামনে দেওয়া এ বক্তৃতায় খামেনি বলেন, ইরানে রায়ের পতন এবং স্বর্ণ মুদ্রার মূল্যবৃদ্ধি হচ্ছে প্রধান অর্থনৈতিক সমস্যা। এজন্য দুর্নীতিবাজদের অবশ্যই দৃঢ়ভাবে শাস্তি দেওয়া উচিত।
 
গত মঙ্গলবার ইরানের ওপর আবার কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন। এছাড়া যেসব দেশের প্রতিষ্ঠানগুলো এখনো ইরানের সঙ্গে কাজ করে যাচ্ছে তাদের দমনের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের ‘বহুবাদী চুক্তি’র এ অবস্থানের নিন্দা করেছে ইরান।রয়টার্স। 
 
ইত্তেফাক/ জেআর