খুলনায় ৮টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফুলতলা উপজেলার পাইগ্রাম নিকারীপাড়া গ্রাম থেকে র্যাব-৬-এর একটি দল অভিযান চালিয়ে এ বোমা উদ্ধার করে। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে বোমা ফেলে দুস্কৃতিকারীরা পালিয়ে যায়।
র্যাব-৬ সূত্র জানায়, ফুলতলা উপজেলার পাইগ্রাম নিকারীপাড়ায় দুস্কৃতিকারীরা বিস্ফোরকদ্রব্য নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬-এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ এনায়েত হোসেন মান্নানের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে দুস্কৃতিকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে পলিথিনে মোড়ানো বাজারের ব্যাগের মধ্যে রাখা ৮টি তাজা ককটেল উদ্ধার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিষয়ে র্যাবের অনুসন্ধান ও মামলার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/নূহু
