মিসরে রাবা হত্যাকাণ্ডের পঞ্চম বর্ষপূর্তিতে নিষিদ্ধ সংগঠন মুসলিম ব্রাদারহুডের ১৩ সদস্যকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। তাদের বিরুদ্ধে বর্ষপূর্তিতে বিক্ষোভ উস্কে দেওয়ার অভিযোগ আনা হয়েছে। খবর আল জাজিরার।
মিসরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে, রাজধানী কাইরোর এক শহরতলী থেকে গ্রেফতার করা হয়েছে ছয় ব্রাদারহুড সদস্যকে। এদের মধ্যে তিনজন আগ থেকেই সন্ত্রাসবাদের অভিযোগে ১০ থেকে ১৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত। তারা এখন পুনরায় বিচারকার্যের সম্মুখীন হবে। বাকি সাতজনকে গ্রেফতার করা হয়েছে কাইরোর উত্তর-পশ্চিমাঞ্চল থেকে।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা তথ্য পেয়েছে যে তারা বর্ষপূর্তিতে বিক্ষোভ উস্কে দেওয়ার ও বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে বৈঠকে বসার পরিকল্পনা করছিল।
প্রসঙ্গত, ০১৩ সালের ১৪ আগস্ট, কায়রোর বিখ্যাত রাবা আল-আদাউইয়া স্কয়ারে ইসলামপন্থীরা সেনা অভ্যুত্থানে তৎকালীন প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসির উচ্ছেদের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ সমাবেশ করে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা এই বিক্ষোভ দমনে অত্যন্ত কঠোর পদক্ষেপ গ্রহণ করে।
বিক্ষোভ দমন করতে কয়েক ঘণ্টার মধ্যে ৬০০’র বেশি মানুষকে হত্যা করে নিরাপত্তা বাহিনী। এই ঘটনা পরবর্তীতে রাবা হত্যাকাণ্ড নামে পরিচিতি পায়।
এই ঘটনার পর থেকে কয়েক হাজার মানুষকে সন্ত্রাসবাদের অভিযোগ দিয়ে গ্রেফতার করেছে মিসর। মানবাধিকার সংগঠনগুলোর দাবি গ্রেফতারকৃতরা সরকারের সমালোচক ছিলেন।
রাবা হত্যাকাণ্ডের পর প্রত্যেক বর্ষপূর্তিতেই সকল প্রকার বিক্ষোভ কঠোরভাবে দমন করেছে মিসর সরকার।
ইত্তেফাক/ জেআর
