সংকটময় পরিস্থিতিতে তুরস্কে ১৫০০ কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি কাতারের

আপডেট : ১৬ আগস্ট ২০১৮, ১২:১২
তুরস্কের অর্থনীতির সংকটময় পরিস্থিতিতে দেশটিতে ১৫০০ কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে কাতার। সম্প্রতি তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোয়ানের সঙ্গে এক বৈঠক শেষে এক ঘোষণায় এমনটা জানিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। তিনি বলেন, কাতার তাদের ভাই তুরস্কের পাশে থাকবে। খবর আল জাজিরার।
 
খবরে বলা হয়, বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারায় বৈঠক করেন দুই নেতা। 
 
উল্লেখ্য, সম্প্রতি চরম মুদ্রাস্ফীতিতে ভুগছে তুরস্ক। এর মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি পরিস্থিতি আরো খারাপ করে তুলেছে। এমতাবস্থায় প্রথম বিদেশী রাষ্ট্র হিসেবে তুরস্কে সফর করলেন কাতারের আমির। 
 
এক টুইটে তিনি বলেন, আমরা আমাদের তুর্কি ভাইদের পাশে আছি, যারা কাতার ও মুসলিম বিশ্বের পাশে দাঁড়িয়েছে। 
 
তিনি আরো বলেন, আঙ্কারায় শুক্রবার প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে আমার গুরুত্বপূর্ণ আলোচনার অংশ হিসেবে আমরা সেদেশে ১৫০০ কোটি ডলারের বিনিয়োগ প্রকল্পের ঘোষণা দিয়েছি। তিনি আরো জানান, তুরস্কের অর্থনীতি মজবুত ও দৃঢ়। 
 
আলোচনায় বিনিয়োগ ছাড়াও দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা বৃদ্ধি করা নিয়েও আলোচনা করেন তারা। 
 
ইত্তেফাক/ জেআর