মাউন্ট ব্লেন্স আরোহণ
ইউরোপের সর্বোচ্চ পবর্তশৃঙ্গ মাউন্ট ব্লেন্স এর উচ্চতা প্রথম পরিমাপ করেন ড. মাইকেল গ্যাব্রিয়েল পাকার্ড এবং তার কুলী জেক ব্যারমেট, যারা ১৭৮৬ সালের ৪ অক্টোবর ৪৮০৭ মিটার উঁচু পর্বত শৃঙ্গের চূড়ায় আরোহণ করেন। উভয় পর্বতারোহীই নখরযুক্ত জুতা ও ক্র্যাম্পন (স্ক্রুওয়ালা লোহার সাঁড়াশি বিশেষ) ব্যবহার করেছিলেন। কিন্তু সেফটি রোপ বা নিরাপত্তা দড়ি ছিল না সুতরাং এটি ছিল ইতিহাসের সবচেয়ে দু:সাহসিক ও ঝুঁকিপূর্ণ আরোহণ।
কোসিউসকো আরোহণ
অস্ট্রেলিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোসিউসকো আবিষ্কার করেন স্পেনীয় অভিযাত্রী পল ভন স্ট্রজেলেকি। ১৮৪০ সালে তিনি যখন অস্ট্রেলিয়ার এই পর্বতশৃঙ্গের চূড়ায় আরোহণ করেন তারও বহু পূর্ব থেকে অস্ট্রেলিয়ার আদিবাসীরা এ শৃঙ্গে নিয়মিত আসত এবং এর চূড়ায় উঠত। তবে স্ট্রজেলেকিকে এ কথা বলার মত ভাষা আদিবাসীদের ছিলো না বা বলার প্রয়োজন তাদের অনুভবে ছিলো না। স্ট্রজেলেকি এই নব্য আবিষ্কৃত পর্বতশৃঙ্গের নাম তার স্বদেশী জেনারেল টেডিয়ুস কোসিউসকোর নামানুসারে রাখলেন।
মাউন্ট ম্যাককিনলী আরোহণ
১৯১৩ সালে যখন হাডসন স্টাক হ্যারি কাস্টেনস এবং তাদের সাথে চার সদস্যের একটি দল উত্তর আমেরিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাপার প্রস্তুতি নেয় তখন দাবি উঠেছিল যে, উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গে আরোহণ ইতোমধ্যে হয়ে গেছে। কিন্তু তাদের এ দাবি বিশ্বাসযোগ্য ছিল না। স্টাক ও কাস্টেন অবশ্য বিস্মিত হয়েছিলেন যখন তারা মাউন্ট ম্যাককিনলীর দক্ষিণ চূঁড়ায় উঠলেন তখন দেখলেন যে উত্তরের চূঁড়ায় একটি পতাকার দণ্ড গাঁথা আছে। এটি গাঁথা হয়েছিলো ৩ বছর আগে। ১৯১০ সালে তিনজন অভিযাত্রী উত্তর চূঁড়ায় উঠলেও তা দক্ষিণেরটির তুলনায় ৩০০ ফুট নিচু। সুতরাং ম্যাককিনালীর চূড়ায় সর্বপ্রথম উঠার কৃতিত্বের দাবীদার স্টাক ও কাস্টেনস এবং তার দল।
