পাবনার সাঁথিয়ায় স্ত্রীর প্রতি ভালবাসার নজির স্থাপন করলেন এক কৃষক। অসুস্থ স্ত্রীর জন্য গাছ থেকে ডাব পাড়তে গিয়ে ডাবের কাঁদের বাঁধা রশি গলায় পেঁচিয়ে করুন মৃত্যু ঘটেছে হতদরিদ্র কৃষক মংলার। তিনি সাঁথিয়া উপজেলার মৃত নজর আলীর ছেলে।
জানা যায়, উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের পাগলা গ্রামের অন্তঃসত্ত্বা অসুস্থ স্ত্রী আলেকা (৩৫) এর জন্য বৃহস্পতিবার সকালের দিকে নিজ বাড়ির উঠানের নারকেল গাছে ডাব পাড়তে উঠেন মংলা (৪৫)। গাছে উঠে তিনি একটি ডাবের কাঁদি রশি দিয়ে বেঁধে কেটে দেন। কাঁদিটির বেঁধে রাখা রশির অপর অংশ মংলার গলায় পেঁচানো ছিল। কাঁদি গাছ থেকে ফেলে দিলে গলায় রশি পেঁচিয়ে গাছেই তার মর্মান্তিক মৃত্যু হয়।
পরে পার্শ্ববর্তী মানুষ গাছের সাথে ডাবের কাঁদ ঝুলতে দেখে এগিয়ে এসে কৃষকের করুণ মৃত্যু দেখতে পায়। পরে ডাব গাছ থেকে মংলার লাশ উদ্ধার করে পরিবারের সদস্যরা।
সংবাদ পেয়ে সাঁথিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য আয়নাল হক জানান, ঘটনার সংবাদ পেয়ে আমি দ্রুত ছুটে আসি এবং গাছ থেকে লাশ উদ্ধারের ব্যবস্থা করি।
ইত্তেফাক/জেডএইচ
