রোনালদোর শূন্যতা অনুভব করছে রিয়াল!

আপডেট : ১৬ আগস্ট ২০১৮, ১৯:০৫
টানা তিনবারের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়। স্বাভাবিকভাবেই পরের বছর উয়েফা সুপার কাপের অন্যতম প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে সুপার কাপে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ৪-২ গোলে বিধ্বস্ত হওয়ার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, রোনালদো থাকলে কি এতটা বাজেভাবে পরাজয় ঘটতো রিয়াল মাদ্রিদের?
 
রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরোর মতে, অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে রিয়ালের স্কোয়াডে রোনালদো থাকলে অবস্থা এতটা বাজে হতো না। তবে, যেহেতু রোনালদো এখন আর দলে নাই, তিনি অতীত। সুতরাং, এসব নিয়ে চিন্তা করারও আর কোন কারণ নেই।
 
তালিনে অনুষ্ঠিত এই ম্যাচে অ্যাটলেটিকোর কাছে হেরে হতাশ ক্যাসেমিরো। যদিও তিনি খেলেছেন ৭৬ মিনিট। তারপরই ইনজুরিতে পড়েন তিনি এবং মাঠ থেকে উঠে যেতে হয় তাকে।
 
ম্যাচ শেষে ক্যাসেমিরো বলেন, ‘শিরোপা হারিয়ে আমরা খুবই হতাশ। তবে, এটা তো মাত্র মৌসুমের শুরু। কোচের ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। রিয়াল মাদ্রিদে অজুহাত দাঁড় করানোর কোনো সুযোগ নেই। আমরা একসঙ্গে খেলি, একসঙ্গে জিতি এবং একসঙ্গে হারি।’
 
রোনালদোকে এই ম্যাচে মিস করেছে মাদ্রিদ? এমন প্রশ্নের জবাবে ক্যাসেমিরো বলেন, ‘অবশ্যই। আমরা ক্রিশ্চিয়ানোকে মিস করেছি। তবে এটা এখন অতীত। আমরা অবশ্য এই ফ্যাক্টটাকে কোনোভাবেই লুকাতে পারবো না। বিশ্বের যে কোন দলই তাকে মিস করবে।’
 
ইত্তেফাক/বিএএফ