ঈদে আসছে নোলক

আপডেট : ২২ এপ্রিল ২০১৯, ২১:০৫

বিনোদন রিপোর্ট

 

প্রযোজক ও পরিচালকে দ্বন্দ্বের কারণে অনেকদিন ধরে ঝুলে আছে রাশেদ রাহা পরিচালিত ‘নোলক’ সিনেমাটি। শাকিব ও ববি জুটির সিনেমাটি অবশেষে সেন্সরে ছাড়পত্র পেয়েছে গতকাল। প্রযোজকের জায়গায় শাকিব-সনেট হিসেবেই মুক্তি পাচ্ছে ছবিটি। এই প্রসঙ্গে রাশেদ বলেন, ‘এ নিয়ে আর কিছু বলতে চাই না। অবশেষে সিনেমাটি মুক্তি পাচ্ছে এতেই আমি বেশ খুশি। কারণ শেষ পর্যন্ত সন্তানটি আমারই। অনেকদিন অপেক্ষা করেছি সিনেমাটির জন্য শেষ পর্যন্ত সেন্সর পেলো। এটি আমার কাছে অনেক বড় একটি পাওয়া। কারণ সবাই জানে সিনেমাটি নিয়ে আমার অনেক প্রত্যাশা রয়েছেন সেই প্রত্যাশা পূরন হতে যাচ্ছে। ’

দুই বছর আগে জমকালো আয়োজনে ঢাকার একটি হোটেলে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। এরপর টানা ২৮ দিন ভারতের হায়দরাবাদে ‘নোলক’ সিনেমার শুটিং হয়। শুটিং শেষে ইউনিট নিয়ে দেশে ফেরার পর পরিচালকের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয় প্রযোজকের। এরই জেরে পরের লট থেকে প্রযোজক সাকিব ইরতেজা পরিচালক রাশেদ রাহাকে ছাড়াই শুটিং শুরু করেন। এর পরিপ্রেক্ষিতে পালটাপালটি অভিযোগে অনেক সময় পার হয়ে যায়।

২০১৭ সালের ১ ডিসেম্বর ভারতের হায়দরাবাদে ‘নোলক’ সিনেমার শুটিং শুরু হয়। এতে আরো অভিনয় করেছেন মৌসুমী, ওমর সানী, তারিক আনাম খান, নিমা রহমান, রেবেকা, ভারতের রজতাভ দত্ত, সুপ্রিয় দত্ত, অমিতাভ ভট্টাচার্য প্রমুখ।