আরিচায় সড়ক মেরামতে জেলা প্রশাসকের নির্দেশ উপেক্ষিত

আপডেট : ১৭ আগস্ট ২০১৮, ০০:৫০

শিবালয় উপজেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ আরিচা বাসস্ট্যান্ড থেকে দক্ষিনে পুরাতন লঞ্চ ঘাট সড়কে প্রায় দুইশ মিটার রাস্তায় খানাখন্দের কারনে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কিন্তু এ রাস্তা সংস্কার বা মেরামত নিয়ে দুটি সরকারী সংস্থার মধ্যে টানাপোড়েন চলছে। গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এ সড়কে চলাচলকারী যানবাহন চালক, পথচারী ও স্থানীয় বাসিন্দারা চরম ভোগান্তি পোহাচ্ছে।

জানা গেছে, আরিচা ঘাটের প্রাণকেন্দ্র শিবালয় থানা ভবনের সীমানা প্রাচীর ঘেঁষা এ রাস্তায় প্রত্যহ বিপুলসংখ্যক বাস-ট্রাক ও ছোট-বড় বিভিন্ন যানবাহন চলাচল করে। এ রাস্তার দক্ষিনে অবস্থিত বিদ্যুৎ বিভাগের পিসিপোল কারখানায় তৈরি বৈদ্যুতিক খুঁটি বহনকারী ট্রাক ও সপ্তাহে দুইদিন গরুর হাটে আসা অসংখ্য যানবাহন চলাচল করে। দীর্ঘদিন যাবৎ এ রাস্তায় সৃষ্ট অসংখ্য গর্তে বৃষ্টির পানি জমলে যানবাহন ও জনসাধরনের যাতায়াতে মারাত্মক অচলাবস্থা সৃষ্টি হয়। এ সড়ক মেরামত বা সংস্কার না করায় প্রায়শ ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।

স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীরা এ সড়ক দ্রুত মেরামতের দাবি জানালেও সংশ্লিষ্ট বিভাগ অদ্যাবধি কোন পদক্ষেপ নেয়নি।

মানিকগঞ্জ জেলা প্রশাসক এসএম ফেরদৌস গত ১২ আগষ্ট পাটুরিয়া ঘাটে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে আয়োজিত আন্তঃবিভাগীয় বিশেষ সভায় সভাপতিত্ব করেন। আরিচা লঞ্চঘাট সড়কের দুরবস্থা দেখে ১৬ আগস্টের মধ্যে কাজ শেষ করতে সড়ক ও জনপথ বিভাগ এবং এলজিইডি’র কর্মকর্তাদের নির্দেশ দেন। কিন্তু গতকাল বৃহস্পতিবার এ রিপোর্ট লেখা পর্যন্ত রাস্তা মেরামতের কোন উদ্দ্যোগ পরিলক্ষিত হয়নি।

মানিকগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আব্দুর রহিম জানান, ইতিপূবে এ রাস্তা মেরামত বা সংস্কার করা হলেও বর্তমানে মূল তালিকা থেকে বাদ পড়ায় তা সম্ভব হচ্ছে না।

জেলা এলজিইডি সিনিয়র সহকারী প্রকৌশলী মোঃ আতিকুর রহমান জানান, এ রাস্তা ইতিপূর্বে সওজ বিভাগের অধীন থাকলেও কাগজ-কলমে হস্তান্তর না করায় সংস্কার কাজ শুরু করা যাচ্ছে না।

ইত্তেফাক/নূহু