কোরবানি ঈদকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ছোট-বড় গবাদি পশুর হাট জমে উঠেছে। হাটে ক্রেতা-বিক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। তবে পশুর হাটগুলোতে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ উঠেছে। স্থানীয় প্রশাসনের নজরদারির অভাবে ক্রেতা-বিক্রেতাদের কাছ থেকে বিপুল পরিমান টাকা হাতিয়ে নিচ্ছেন ইজারাদাররা।
গত বৃহস্পতিবার সরেজমিনে ফান্দাউক পশুর হাটে গিয়ে দেখা যায়, সকাল থেকেই স্থানীয় ও দেশের বিভিন্ন এলাকার গরু-মহিষ ও ছাগলের ব্যাপারীর আগমন ঘটেছে। কৃষকদের অনেকেই তাদের দীর্ঘদিনের লালন-পালন করা গরু-ছাগল,মহিষ নিয়ে হাটে এসেছে। গরুর দাম স্বাভাবিক থাকায় কেনা বেচা ও হচ্ছে ভাল। বিক্রেতারা জানায় দাম কম হওয়ায় তারা গরু বিক্রি করতে পারছে না। পশু ক্রেতারা জানায়, বিক্রেতারা তুলনামূলক বেশি দাম চাচ্ছে।আমাদের দামের সাথে বিক্রেতাদের দামের মিল হচ্ছে না৷
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুমন ভৌমিক জানান, উপজেলার যে কয়টি বড় গবাদি পশুর হাট রয়েছে এতে ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করা হয়েছে। হাটে রোগাক্রান্ত পশু ও গর্ভবতী পশু পরীক্ষা করা হচ্ছে।
ইত্তেফাক/এএম
