উপমহাদেশের বিশ্বকাপ খ্যাত এশিয়া কাপে দুবার ফাইনাল খেলার অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের। যদিও ট্রফি জেতার স্বাদ পায়নি টাইগাররা। ঘরের মাঠে ২০১২ ও ২০১৬ সালে ফাইনাল হেরেছিল বাংলাদেশ দল। আরব আমিরাতে এশিয়া কাপের ১৪তম আসর শুরু হবে আগামী মাসে। এবার টুর্নামেন্টটি হবে ওয়ানডে ফরম্যাটে।
ক্রিকেটের এই ফরম্যাটে বাংলাদেশের সাফল্য সবচেয়ে বেশি। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২-১ এ ওয়ানডে সিরিজ জিতে ফিরেছে মাশরাফি বিন মুর্তজার দল। আসন্ন এশিয়া কাপেও তাই প্রত্যাশার পারদ থাকবে উঁচুতে। যদিও বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল গতকাল বলছেন, এখন ফাইনাল বা চ্যাম্পিয়ন হওয়া নিয়ে চিন্তা না করতে। বরং টুর্নামেন্টের ফরম্যাট অনুযায়ী প্রথম দুটি ম্যাচ জিতে সুপার ফোরে উন্নীত হওয়ার পরিকল্পনাতেই গুরুত্ব দিচ্ছেন তিনি।
আরব আমিরাতে অনুষ্ঠেয় টুর্নামেন্টের জন্য বাংলাদেশের প্রস্তুতি শুরু হবে ঈদুল আজহার পর। তবে ২৭ আগস্ট দলগত অনুশীলনের অপেক্ষায় বসে নেই তামিম। গতকাল বিসিবি একাডেমি মাঠে লম্বা সময় ব্যাটিং করেছেন এই বাঁহাতি ওপেনার।
এশিয়া কাপে এবার ছয়টি দল দুটি গ্রুপে খেলবে গ্রুপ পর্বে। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী আফগানিস্তান ও শ্রীলঙ্কা। গ্রুপ পর্ব থেকে দুটি করে দল উন্নীত হবে সুপার ফোরে। পরে সেরা দুটি দল খেলবে ফাইনালে। তামিম বলছেন, গ্রুপ পর্বের দুই প্রতিপক্ষ নিয়েই আগে পরিকল্পনা করা উচিত।
গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অভিজ্ঞ এই ওপেনার বলেছেন, ‘প্রথম দুই ম্যাচ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমাদের দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করতে হবে। আমাদের প্রস্তুতিটা হচ্ছে সেই জন্যই। আমরা যদি এখন ফাইনাল কিংবা চ্যাম্পিয়ন হওয়ার চিন্তা করি যেটা বুদ্ধিমানের কাজ হবে না। দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য আমাদের প্রথম দুই ম্যাচ জিততে হবে। প্রথম দুই প্রতিপক্ষ নিয়েই আমাদের পরিকল্পনা করা উচিত।’
গ্রুপ পর্বে শ্রীলঙ্কা ও আফগানদের বিরুদ্ধে সেরা ক্রিকেট খেলতে হবে জানিয়ে তামিম বলেছেন, ‘জটিল, আপনি এশিয়া কাপ খেলবেন, এটা একটি বড় টুর্নামেন্ট। বেশিরভাগ ভালো দলই খেলবে। অন্য গ্রুপে থাকলে সেটাও কঠিন হতে পারত। ওই গ্রুপে ভারত-পাকিস্তান আছে। আমাদের কাজ ভালো খেলে, সেরা ক্রিকেট খেলা। আমরা এমন কোন প্রতিপক্ষের সাথে খেলব না, যাদের সাথে আমরা এর আগে খেলিনি। আমরা সব প্রতিপক্ষের সাথেই খেলেছি, আর ভালো খেলে আমাদের দিনে ওদের হারিয়েছি। আশা করি, এই দুইটি ম্যাচে আমরা ভালো প্রস্তুতি নিয়ে যাবো এবং আমাদের সেরা খেলাটা খেলার চেষ্টা করব।’
গত কয়েক বছর আরব আমিরাতের মাটিতে পিএসএল খেলেছেন তামিম। সেই অভিজ্ঞতা কাজে লাগতে পারে এশিয়া কাপেও। তিন ফরম্যাটেই দেশের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরি মালিক ২৯ বছর বয়সী এই ওপেনার বলেন, ‘গত কয়েক বছর ধরে কোনো না কোনো সময় আমরা সেখানে খেলেছি। উইকেট কি ধরনের হতে পারে, এটা নিয়ে কিছুটা হলেও আমাদের ধারণা আছে। যখন ট্রেনিং ক্যাম্প শুরু হবে এবং পরিকল্পনা নিয়ে কথা হবে তখন অবশ্যই এই বিষয়ে আলোচনা করব।’
ইত্তেফাক/মোস্তাফিজ
