গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ, তীব্র ভোগান্তি

আপডেট : ১৭ আগস্ট ২০১৮, ১৪:১৩
গাজীপুরের সদর উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি কারখানার পোশাকশ্রমিকরা। জানা গেছে, চলতি মাসের অর্ধেক বেতনের দাবিতে উপজেলার হোতাপাড়া এলাকার ‘এলিগেন্ট’ কারখানার শ্রমিকরা শুক্রবার সকাল ১০টার দিকে রাস্তায় নেমে সড়ক অবরোধ করে।
 
এতে গুরুত্বপূর্ণ ওই সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের। চরম ভোগান্তিতে পড়েছে ঈদে ঘরমুখী যাত্রীরা।
 
শ্রমিকরা জানান, কোরবানি ঈদের আগে অাগস্ট মাসের ১৫ তারিখ পর্যন্ত বেতন পরিশোধের দাবি জানিয়ে আসছিলেন তারা। কিন্তু কারখানা কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ না করায় তারা রাস্তায় নেমেছেন।
 
পুলিশ বলছে, কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে নেয়ার চেষ্টা চলছে।
 
ইত্তেফাক/এএম