পেছালো ‘অভিনয় শিল্পী সংঘ’র নির্বাচন

আপডেট : ২২ এপ্রিল ২০১৯, ২১:০৮

বিনোদন রিপোর্ট

 

 টেলিভিশন প্রযোজক সংগঠনের নির্বাচনের পর ‘অভিনয় শিল্প সংঘ’-এর নির্বাচনের অপেক্ষায় ছিলেন সবাই। আরো কিছুদিন অপেক্ষা করতে হবে এরজন্য। কারণ পেছানো হয়েছে সংগঠনটির নির্বাচন।

এখনো নতুন কোনো তারিখের কথা জানানো হয়নি। অভিনয় শিল্পী সংঘের সভাপতি শহীদুল আলম সাচ্চু জানান, ঈদুল ফিতরের পরে দ্বিবার্ষিক মেয়াদের নতুন কমিটির জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই প্রসঙ্গ শহীদুল আলম সাচ্চু বলেন, ‘কিছুদিন আগে সংগঠনটি সরকারি নিবন্ধন পেয়েছে। কিন্তু আমরা যখন সংগঠনের দায়িত্ব নেই তখন অভিনয় শিল্পী সংঘ নিবন্ধিত সংগঠন ছিল না। নিবন্ধনের নিয়ম অনুযায়ী, নিবন্ধনের তারিখ থেকে দুই বছর পর নির্বাচন করতে হয়। সেই হিসাবে নির্বাচন করতে গেলে নতুন নির্বাচনের সময় আসে ২০২০ সালের শেষ। কিন্তু সেটা তো সম্ভব নয়। কারণ এরইমধ্যে তাদের বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে। ফলে আমরা দ্রুতই নির্বাচন দিতে চাই।’

দ্রুত নির্বাচনের অভিপ্রায়ের কথা অভিনয় শিল্পী সংঘের পক্ষ থেকে সমাজসেবা অধিদপ্তরে জানানো হয়েছে। অধিদপ্তর অভিনয় শিল্পী সংঘের আবেদন মঞ্জুরও করেছে।