খরচ বাঁচাতে ভেটেরান্স ডে’র কুচকাওয়াজ বাতিল করলেন ট্রাম্প

আপডেট : ১৮ আগস্ট ২০১৮, ০৮:৪৫
 
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘খরচ বাঁচাতে’ আসন্ন ভেটেরান্স ডে’র কুজকাওয়াজ বাতিলের ঘোষণা দিয়েছেন। গতকাল এক টুইটে তিনি বলেন, ওয়াশিংটন ডিসিতে প্রস্তাবিত ওই কুজকাওয়াজে অস্বাভাবিক মাত্রায় অর্থ ব্যয়ের প্রস্তাব পেশ করেছিলেন স্থানীয় রাজনীতিকরা। এই হাস্যকর রকমের খরচ এড়াতে এই কুজকাওয়াজ বাতিল করা হল।
 
২০১৭ সালে ফ্রান্স সফরের সময় বাস্তিল দিবসের কুচকাওয়াজ দেখে ট্রাম্প যুক্তরাষ্ট্রেও এমন আয়োজনের ইচ্ছা পোষণ করেন। অত্যাধুনিক অস্ত্রশস্ত্র প্রদর্শন ও সশস্ত্র বাহিনীর সদস্যদের শোভাযাত্রাসমৃদ্ধ এ সামরিক কুচকাওয়াজে ৯ কোটি ডলারেরও বেশি খরচের প্রস্তাব আসে স্থানীয় প্রশাসন থেকে। ট্রাম্পের কাছে এটা অগ্রহণযোগ্য মনে হওয়ায় তিনি বাতিলের ঘোষণা দেন। তবে ভবিষ্যতে এই আয়োজনের পরিকল্পনা নাকচ করে দেননি তিনি।
 
জানা গেছে, কুচকাওয়াজ আয়োজনের পরিকল্পনার কথা জানানোর পরপরই এ ধরনের উচ্চাভিলাষী আয়োজনের সমালোচনা শুরু হয় যুক্তরাষ্ট্রে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ভেটেরান্স ডে-তে প্যারেড না করে অবসরপ্রাপ্তদের সরাসরি আর্থিক সাহায্য করার প্রস্তাব দেন। স্বৈরতান্ত্রিক দেশগুলোতেই এ ধরনের কুচকাওয়াজ হয় বলে উল্লেখ করেন অনেকে। প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তির শতবর্ষ উপলক্ষে আগামী ১১ নভেম্বরে ওয়াশিংটনে এ কুচকাওয়াজ আয়োজনের পরিকল্পনা ছিল।-বিবিসি।
 
ইত্তেফাক/মোস্তাফিজ