ইরান-বিরোধী ‘অ্যাকশন গ্রুপ’ গঠন যুক্তরাষ্ট্রের

আপডেট : ১৮ আগস্ট ২০১৮, ০৯:৫৮
ইরানের পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র একতরফাভাবে সরে আসার পর ওয়াশিংটন ‘ইরান অ্যাকশন গ্রুপ’ নামে একটি দল গঠন করেছে। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক সংবাদ সম্মেলনে এই অ্যাকশন গ্রুপের নাম ঘোষণা করেন। এই গ্রুপটি ইরানের প্রতি তাদের দেশের নীতি ও সমন্বয় সংক্রান্ত নানা বিষয় দেখভাল করবে।
 
মাইক পম্পেও বলেন, ইরান অ্যাকশন গ্রুপ বা আইএজি’র প্রধান থাকবেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়য়ের নীতি পরিকল্পনা বিষয়ক পরিচালক ব্রায়ান হুক। 
 
তিনি বলেন, ইরানের আচরণগত পরিবর্তন আনয়নে আমরা আমাদের সরকারের প্রতি অঙ্গীকারাবদ্ধ। সে লক্ষ্যে আমাদের চেষ্টা সবসময় অব্যাহত থাকবে। ইরান অ্যাকশন গ্রুপ নামে যে গ্রুপটি গঠন করা হলো তার লক্ষ্যই হলো ইরানের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করা। সেই সঙ্গে এই গ্রুপ আমাদের যে সমমনা দেশ রয়েছে তাদের সঙ্গে এক হয়ে তেহরানের সকল বিষয়ের খোঁজ খবর রাখবে। 
 
পম্পেও বলেন, আইএজি সেই জিনিসেরই নেতৃত্ব দিবে যা আমাদের সমমনা দেশগুলো আমাদের নীতি আদর্শের সঙ্গে একমত পোষণ করে ইরানের সম্ভাব্য হুমকি মোকাবিলায় কাজ করবে। তিনি বলেন, ইরান বিষয়ক নীতি সমন্বয় ও বাস্তবায়নের লক্ষ্যেই এই গ্রুপ গঠিত হয়েছে। এ সময় তিনি মধ্যপ্রাচ্যসহ সারাবিশ্বে সংঘর্ষ, সহিংসতা ও উত্তেজনার জন্য ইরানকে দায়ী করেন।
 
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, আইএজি সরাসরি তাদের প্রতিবেদন মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাছে দাখিল করবেন। এসময় তিনি ইরানের বিরুদ্ধে নতুন করে যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তা সন্ত্রাসবাদের প্রতি ইরানের সমর্থন বন্ধ করতেই করা হয়েছে বলে দাবি করেন। 
 
এদিকে যুক্তরাষ্ট্রের নতুন করে এই গ্রুপের তৈরি করাকে সমালোচকরা ভিন্ন চোখে দেখছেন। তারা বলছেন, এর মাধ্যমে সমস্যার কোনো সমাধান হবে না, উল্টো ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের দিকেই অগ্রসর হবে। -আল জাজিরা
 
ইত্তেফাক/ জেআর