একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসন থেকে সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আব্দুস ছাত্তারকে নৌকা মনোনয়ন দেয়ার দাবিতে ঈশ্বরগঞ্জ আওয়ামী লীগের একাংশের নেতা-কর্মীরা গতকাল রবিবার দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ করে রাখে
এসময় নেতা-কর্মীরা কাফনের কাপড় পড়ে লগি-বৈঠা হাতে নিয়ে মহাসড়কে টায়ার জ্বালিয়ে জাতীয় পার্টির এমপি ফখরুল ইমামকে মনোনয়ন না দেয়ার আহ্বান জানান। অবরোধের ফলে রাস্তার দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যাত্রী দুর্ভোগ চরম আকার ধারণ করে। গত জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে মহাজোট থেকে ফখরুল ইমামকে মনোনয়ন দেয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হন।
এবারও মহাজোট থেকে এ আসন থেকে ফখরুল ইমামকে মনোনয়ন না দেয়ার দাবিতে ঈশ্বরগঞ্জ উপজেলার নৌকার সমর্থক গোষ্ঠী দীর্ঘদিন ধরে ফখরুল ইমামের বিরুদ্ধে আন্দোলন করে আসছে। আন্দোলনকারীরা ঘোষণা দেন বর্তমান জাপা এমপিকে মনোনয়ন দেয়া হলে তাকে উপজেলায় প্রতিহত করা হবে। টানা ৩ ঘণ্টাব্যাপী অবরোধ কর্মসূচি চলাকালে মুক্তিযোদ্ধা চত্বরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ সুপার এসএ নেওয়াজের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে ৩টায় অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হলে যান চলাচল স্বাভাবিক হয়।
