স্পোর্টস ডেস্ক
করিম বেনজেমাকে বিশ্বসেরা স্ট্রাইকার বলে প্রশংসায় ভাসালেন রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান। ফরাসি এই স্ট্রাইকারের হ্যাটট্রিকে রিয়াল গত রবিবার লা লিগায় অ্যাথলেটিক বিলবাওকে ৩-০ গোলে হারায়।
লা লিগায় এর আগের দিন রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা রিয়াল সোসিয়েদাদকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপার আরো কাছে চলে এসেছে। কোচ আর্নেস্তো ভালভার্দের দল অবশ্য আগে থেকেই শীর্ষে ছিল।
রিয়াল নিজেদের মাঠে গোলশূন্য প্রথমার্ধের পর ৪৭, ৭৬ ও ৯০ মিনিটে বেনজেমার লক্ষ্যভেদে জয়ে ফেরে । এ নিয়ে টানা পঞ্চম ম্যাচে গোল করলেন ফরাসি এই স্ট্রাইকার। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩০ গোল করলেন তিনি। ২০১১-১২ মৌসুমে কোচ হোসে মরিনহোর অধীনে ব্যক্তিগত সর্বোচ্চ ৩২ গোল করেছিলেন বেনজেমা। বর্তমান ছন্দ ধরে রাখলে সে মাইলফলকও ছাড়িয়ে যেতে পারেন তিনি।
কোচ জিদান তার ফরোয়ার্ডের এমন নৈপুণ্যে দারুণ উচ্ছ্বসিত। স্বদেশী বেনজেমাকে বিশ্বসেরার খেতাবও দিয়ে দেন ফরাসি এই কোচ। জিদানের ভাষায়, ‘এই ক্লাবে তার ব্যক্তিগত সেরা অর্জন থেকে মাত্র দুই গোল দূরে আছে বেনজেমা। সবারই নিজস্ব পছন্দ আছে। আমার মতে সেই বিশ্বের সেরা স্ট্রাইকার।’ তিনি আরো বলেন, ‘এই পর্যায়ে এসে সে গোলের জন্য যা করছে তা সত্যিই প্রশংসনীয় এবং তার জন্য আমি বেশ খুশি। সে খুবই আত্মবিশ্বাসী এবং সবসময়ই উন্নতি করতে চায়।’ এই ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমে দর্শকদের দুয়ো শুনেছেন দলের আরেক ফরোয়ার্ড গ্যারেথ বেল। তবে মাঠের পারফর্মেন্সে তার ছাপ পড়তে দেননি ওয়েলশ ফরোয়ার্ড। একটি সুযোগ নষ্ট করলেও বেনজেমার শেষ গোলে প্রত্যক্ষ অবদান ছিল তারই। কোচ জিদান জানান, বেলের প্রতি দর্শকদের এমন আচরণের কারণ জানেন না তিনি। জিদান বলেন, ‘এটা কেন হয়েছে তা আমি জানি না। সে গোলের সুযোগ পেয়েছিল এবং সে গোলটা করলে খুশিই হতাম আমি। বাকি ঘটনায় যাচ্ছি না আমি।’
দলের পারফর্মেন্স সম্পর্কে জিদান বলেন, ‘আমরা ভালো একটি ম্যাচ খেলেছি। আমরাই শ্রেয়তর প্রতিপক্ষ ছিলাম। শুধু গোলটাই পাচ্ছিলাম না আমরা। তবে শেষ পর্যন্ত যা করেছি তাতে আমরা খুশি।’
এদিকে বার্সেলোনা শনিবার রাতে ন্যু ক্যাম্পে রিয়াল সোসিয়েদাদকে ২-১ গোলে হারিয়েছে। ফরোয়ার্ড লিওনেল মেসি ও লুই সুয়ারেজদের নিষ্প্রভ দিনে দলের হয়ে গোল দুটি করেন দুই ডিফেন্ডার ক্লেমেন্ত লংলে এবং জর্দি আলবা। এই জয়ের ফলে শিরোপা থেকে ছয় পয়েন্টের দূরত্বে চলে এসেছে দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে নয় পয়েন্টে এগিয়ে থাকা বার্সেলোনা। যার মানে দাঁড়ায়, কোচ আর্নেস্তো ভালভার্দের দল আজ রাতে আলাভেস ও ২৮ এপ্রিল লেভান্তের বিপক্ষে জয় পেলে শিরোপাজয় নিশ্চিত করেই চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পা রাখবে।
