এমবাপেদের অভিনব শ্রদ্ধাজ্ঞাপন

আপডেট : ২২ এপ্রিল ২০১৯, ২১:৩৩

ফরাসি চ্যামিপয়ন পিএসজি গেল রবিবার মোনাকোর বিপক্ষে বিশেষ জার্সি পরে মাঠে নেমে অভিনব এক শ্রদ্ধা জানিয়েছে শহরটির সবচেয়ে প্রাচীন গীর্জা নটরডেম ক্যাথেড্রালকে। বিশ্বেরই অন্যতম প্রাচীন এই গীর্জায় গত ১৫ এপ্রিল ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে ৮৫০ বছর পুরনো এই উপাসনালয়টির ছাদ প্রায় ধ্বংসই হয়ে যায়। পিএসজি গীর্জাটির পুনঃনির্মাণের জন্য তহবিলে সবার সাহায্যের জন্য আকুল আবেদন জানিয়েছে। রবিবার শিরোপাজয় নিশ্চিত করার ম্যাচে কিলিয়ান এমবাপে-নেইমাররা সামনে নটরডেম ক্যাথেড্রালের অবয়ব অঙ্কিত এক জার্সি পরে মাঠে নামেন যার পেছনে খেলোয়াড়দের পরিবর্তে লেখা ছিল নটরডেমের নাম। ম্যাচের পরে জানানো হয়, এই বিশেষ জার্সির ১০০০টি কপি বাজারে ছাড়া হবে যা বিক্রির অর্থ যাবে গীর্জার তহবিলে।