জুভেন্তাস-পিএসজির শিরোপা জয়

আপডেট : ২২ এপ্রিল ২০১৯, ২১:৩৩

স্পোর্টস ডেস্ক

জুভেন্তাস গত শনিবার রাতে ফিওরেন্তিনাকে ২-১ গোলে হারিয়ে টানা অষ্টমবারের মতো ইতালির শীর্ষ লিগটির শিরোপা ধরে রাখে। অপরদিকে পিএসজিও ফরাসি লিগে একই কৃতিত্ব দেখিয়েছে গত রবিবার ৩-১ গোলে মোনাকোর বিরুদ্ধে জিতে।

ইতালির সিরি আতে কোচ ম্যাসিমিলানো অ্যালেগ্রির দল আরো দুই রাউন্ড আগেই নিশ্চিত করতে পারতো শিরোপা। ৬ মার্চ জুভেন্তাস মিলানকে হারানোর পর লিগের দ্বিতীয় স্থানে থাকা ন্যাপোলি জেনোয়ার সঙ্গে হারলেই শিরোপার ফয়সালা হয়ে যেতো। কিন্তু জেনোয়ার সঙ্গে ন্যাপোলি ১-১ গোলে ড্র করায় অপেক্ষায় থাকতে হয় জুভেন্তাসকে। পরের রাউন্ডে স্পালের মাঠে হেরেই বসে ক্রিশ্চিয়ানো রোনালদোরা।

অ্যালেগ্রির শিষ্যরা নিজেদের মাঠে ফিওরেন্তিনার বিরুদ্ধে ভালো শুরু করতে পারেনি। সফরকারী ফরোয়ার্ড নিকোলা মিলিঙ্কোভিচের গোলে শুরুতে পিছিয়ে পড়া জুভেন্তাস অ্যালেক্স সান্দ্রোর লক্ষ্যভেদে সমতায় ফেরে। এরপর ফিওরেন্তিনা অধিনায়ক জার্মান পেজ্জেয়ার নিজেদের জালেই বল জড়ালে জয়ের সঙ্গে সঙ্গে শিরোপাও নিশ্চিত হয় রোনালদোদের।

দলের জন্য টানা অষ্টম হলেও কোচ অ্যালেগ্রির এটি টানা পঞ্চম ‘স্কুদেত্তো’ জয়। এমন অর্জনের পর উচ্ছ্বসিত এই কোচ বলেন, ‘আজ একটা সুন্দর দিন। প্রথম কারণটা হচ্ছে কাল একটা আনন্দময় ইস্টার কাটাবো আমরা। গত মঙ্গলবারের ব্যর্থতাকে একপাশে রাখছি আমি, এটা আমাদের হতাশা ও অনেক দুঃখ দিয়েছিলো। ভাগ্যক্রমে এই ম্যাচটা তিনদিন পর ছিল, তাই লিগজয় নিশ্চিত করাটা জরুরি হয়ে পড়েছিলো আমাদের জন্য।’

ঘরোয়া লিগে সাফল্য মিললেও ইউরোপীয় শিরোপা জয়ে ব্যর্থতা সমালোচনার মুখে দাঁড় করিয়েছিলো অ্যালেগ্রিকে। ইতালীয় এই কোচ অবশ্য কঠিন সময়ে ক্লাবের সহ-সভাপতি ও সাবেক খেলোয়াড় পাভেল নেদভেদকে পাশেই পাচ্ছেন। টানা পাঁচবার শিরোপা জেতানোর কীর্তিকে প্রায় অসম্ভব আখ্যা দিয়ে নেদভেদ বলেন, ‘এত বড় জয়ের ধারা ধরে রাখা শুধু কঠিনই নয়, কার্যত অসম্ভবও। আমরা এমন কিছু অর্জন করেছি যা কেউ আবার করে দেখাতে পারবে না।’

এদিকে সমালোচকদের উদ্দেশ্যে অ্যালেগ্রি বলেন, ‘সবারই নিজস্ব পদ্ধতি থাকে। আর তা উদ্দেশ্য পূরণের লক্ষ্যেই থাকে। তাই কাউকে এভাবে সমালোচনা করতে পারেন না। ’ পিএসজিরও প্রায় দুই রাউন্ড ধরে শিরোপা জয় ঝুলেছিলো। ৩১তম রাউন্ডে রেইমসের মাঠে দ্বিতীয় স্থানে থাকা লিলে ড্র করলে লিগ জিততে একটি জয়ই যথেষ্ট ছিলো কোচ থমাস টুখেলের শিষ্যদের। কিন্তু সেবার স্ট্রাসবুর্গের সঙ্গে ২-২ গোলে ড্র করে নিজেদের অপেক্ষা বাড়ায় তারা। এরপরের ম্যাচে লিলের কাছে ৫-১ ব্যবধানে শোচনীয় হারে শিরোপাধারীরা।

রবিবার অবশ্য তুলুসের সঙ্গে লিলে গোলশূন্য ড্র করলে ম্যাচে নামার আগেই পুনরায় ফরাসী চ্যাম্পিয়ন বনে যান নেইমাররা। এরপর নিজের সাবেক ক্লাব মোনাকোর বিপক্ষে  দলটির ফরাসী ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে হ্যাটট্রিক করে দলকে জিতিয়ে পিএসজির শিরোপা উত্সবকে দেন বাড়তি রঙ।

এ মৌসুমের শুরুতেই পূর্বসূরী উনাই এমেরির রেখে যাওয়া শূন্যস্থান পূরণ করে পিএসজির কোচ হয়েছিলেন থমাস টুখেল। প্রথম মৌসুমেই দলকে শিরোপা জিতিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি।  টুখেল বলেন, ‘তুলুসের সঙ্গে লিলে ড্র করায় আমি বেশ খুশি হয়েছিলাম কেননা এর কারণে আমাদের শিরোপা জয় নিশ্চিত হয়ে গিয়েছিলো। এটা ভালো একটা অনুভূতি। আরো আগেই শিরোপা জেতার ব্যাপারে আশা করছিলো সবাই কিন্তু শেষমেশ যখন আপনি জেতেন, এটা পুরোপুরি আলাদা ব্যাপার। এটা আমার প্রথম চ্যাম্পিয়নশিপ এবং এটা সত্যিই বিশেষ কিছু।’