প্রিমিয়ার ক্রিকেট লিগ
স্পোর্টস রিপোর্টার
শেষ প্রান্তে দাঁড়িয়ে ২০১৮-১৯ মৌসুমের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। সুপার লিগের পঞ্চম রাউন্ড দিয়ে আজই শেষ হবে ঘরোয়া ক্রিকেটের আকর্ষণীয় এ প্রতিযোগিতা।
আর শেষ রাউন্ডেই হতে যাচ্ছে শিরোপার ফয়সালা। চ্যাম্পিয়ন হওয়ার সমীকরণে জড়িয়ে আছে দুটি ক্লাব; আবাহনী লিমিটেড ও লিজেন্ডস অব রূপগঞ্জ। ১৫ ম্যাচ শেষে দুই দলের পয়েন্ট সমান (২৪)। হেড টু হেড লড়াইয়েও তাদের অবস্থান সমান। তাই শিরোপার নিষ্পত্তি হবে আজ দুই দলের জয়-পরাজয়ের হিসাব ও রান রেটে।
তবে ট্রফি জয়ের দৌড়ে এগিয়ে আছে গত আসরের চ্যাম্পিয়ন আবাহনী। আজ দুই দলই জিতলে রান রেটে রূপগঞ্জের (০.৪২৫) চেয়ে এগিয়ে থাকা আবাহনী (০.৯০৫) চ্যাম্পিয়ন হবে। দুই দল আজ হারলেও একই চিত্র বহাল থাকবে। রূপগঞ্জের শিরোপা জয়ের আশা টিকে আছে শুধু আজ আবাহনীর পরাজয়ের সঙ্গে নিজেদের জয়টা নিশ্চিত হলেই। তাই শুধু আবাহনীর হার কামনাই নয়, সঙ্গে নিজেদের ম্যাচ জয়ের কাজটাও ঠিকমতো করতে হবে রূপগঞ্জকে।
বিকেএসপির তিন নম্বর মাঠে শিরোপার সুবাস নিয়ে আজ শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিরুদ্ধে খেলতে নামবে আবাহনী। মিরপুর স্টেডিয়ামে রূপগঞ্জের প্রতিপক্ষ প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ফতুল্লায় প্রাইম দোলেশ্বরের মুখোমুখি হবে মোহামেডান। সবগুলো ম্যাচই শুরু হবে সকাল নয়টায়। শেষ ম্যাচ জিতলেও শেখ জামাল, প্রাইম ব্যাংক, প্রাইম দোলেশ্বর, মোহামেডানের রানার্সআপ হওয়ার সুযোগ নেই। তাদের জন্য ম্যাচগুলো তাই শুধু লিগ শেষ করার আনুষ্ঠানিকতা।
গত রোববারই শিরোপা বগলদাবা করার সুযোগ ছিল রূপগঞ্জের সামনে। আবাহনীকে হারালেই চ্যাম্পিয়ন হয়ে যেতে পারত দলটি। কিন্তু বিকেএসপিতে শক্তিশালী আবাহনীর রানের পাহাড়ে পিষ্ট হয়ে ১০২ রানের বড় ব্যবধানে হেরেছিল রূপগঞ্জ। লিগজুড়ে রান খরায় থাকা সৌম্য সরকার রোববার বিকেএসপিতে ব্যাট হাতে ঝড় তুলেন। রানস্বর্গ উইকেটে আক্রমণাত্মক ব্যাটিংয়ে লিস্ট-এ ক্রিকেটের পঞ্চম সেঞ্চুরি তুলে নেন এই বাঁহাতি ওপেনার। তার সেঞ্চুরি, মোহাম্মদ মিঠুনের বিস্ফোরক ব্যাটিংয়ে সাত উইকেটে ৩৭৭ রানের বিশাল স্কোর গড়েছিল আবাহনী। ৭৯ বলে ১৫টি চার ও দুটি ছক্কায় ১০৬ রান করেন সৌম্য। জহুরুল ৭৫, ওয়াসিম জাফর ৪৬, সাব্বির ৩৩ ও মিঠুন ৩৪ বলে অপরাজিত ৬৪ রান করেন।
রূপগঞ্জের মুমিনুল হক পাঁচটি ক্যাচ ধরে লিস্ট-এ ক্রিকেটে এক ম্যাচে সর্বোচ্চ ক্যাচ ধরার বিশ্বরেকর্ডে নাম লিখিয়েছিলেন। পরে বড় রানের চাপটা নিতে পারেনি রূপগঞ্জ। মোহাম্মদ নাঈমের সেঞ্চুরির পরও সাত উইকেটে ২৭৫ রান তুলতে সমর্থ হয়েছিল ক্লাবটি। নাঈম অপরাজিত ১২৩ রান করেন।
রোববার অপর ম্যাচে মিরপুরে মোহামেডান সাত উইকেটের জয় পেয়েছিল প্রাইম ব্যাংকের বিরুদ্ধে। বিকেএসপির চার নম্বর মাঠে সাইফ হাসানের সেঞ্চুরিতে শেখ জামালকে সাত উইকেট হারিয়েছিল প্রাইম দোলেশ্বর। ম্যাচ জয়ী ১১৬ বলে অপরাজিত ১৪৮ রান করেছিলেন সাইফ হাসান। ১০টি চারের সঙ্গে ১১টি ছক্কা মেরে লিস্ট-এ ক্রিকেটে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ডে নাম লেখান এ তরুণ।
