রংপুরে ফাইনাল আজ

আপডেট : ২২ এপ্রিল ২০১৯, ২১:৩৫

জাতীয় স্কুল ক্রিকেট

স্পোর্টস রিপোর্টার

আজ রংপুরে পর্দা নামছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের এবারকার আসরের। জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ মুখোমুখি হবে চট্টগ্রাম বিভাগীয় চ্যাম্পিয়ন কুমিল্লা হাই স্কুল আর প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের বর্তমান চ্যাম্পিয়ন বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ। রংপুর ক্রিকেট গার্ডেনে সকাল ৯টায় শুরু হবে শিরোপা নিষ্পত্তির চূড়ান্ত লড়াই।

রবিবার সেমিফাইনালে বরিশাল বিভাগের সেরা দল পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়কে ৩৭ রানে হারায় কুমিল্লা হাই স্কুল। আর রংপুর বিভাগ চ্যাম্পিয়ন রংপুর শিশু নিকেতন হাই স্কুলকে ১৬ রানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির ব্যবস্থাপনা ও প্রাইম ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবার-কার আসরে অংশ নেয় সারা দেশের ৫৫৮ স্কুলের ১১ হাজার ১২০ ক্ষুদে ক্রিকেটার। দেশের বিভিন্ন ভেন্যুতে এবার অনুষ্ঠিত হয়েছে ৯৫৮ ম্যাচ আর জাতীয় চ্যাম্পিয়নশিপে হয় ৭ ম্যাচ।