এমবাপের জোড়া গোলে পিএসজির জয়

আপডেট : ১৯ আগস্ট ২০১৮, ১১:২৬
এমবাপের জোড়া গোলে গোলে লিগ ওয়ানের দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। গোল করেছেন নেইমারও। সেই সুবাদে শনিবার রাতে গুইনগ্যাম্পের মাঠে পিএসজি জিতেছে ৩-১ গোলে।
 
ম্যাচের ২০ মিনিটে নোলান রক্সের গোলে এগিয়ে যায় গুইনগ্যাম্প। এই ব্যবধান ধরে রেখে প্রথমার্ধের খেলা শেষ করতে সক্ষম হয় দলটি।
 
তবে দ্বিতীয়ার্ধে ঠিকই ঘুরে দাঁড়ায় পিএসজি। প্রতিপক্ষের বক্সে ৫২ মিনিটে ফাউলের শিকার হন নেইমার। সেই সুবাদে পেনাল্টি পায় পিএসজি। সেই পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান এই ব্রাজিল তারকা।
 
শেষ দিকে ৮ মিনিটের ব্যবধানে দুই গোল করে জয় নিশ্চিত করে এমবাপে। বিশ্বকাপ জয়ী ফ্রান্সের এই তরুণ সেনসেশন পিএসজিতে ফিরে প্রথমবার মাঠে নেমেই চমক দেখান। এই বিশ্বকাপে ১৯ বছর বয়সী এমবাপে হয়েছেন সেরা উদীয়মান খেলোয়াড়।
IMG0
এমবাপে প্রথম গোলটি করেন ৮২ মিনিটে। অ্যাঙ্গেল ডি মারিয়ার বাড়ানো বল ডি-বক্সে ফাঁকায় পেয়ে ডান পায়ের শটে গোল করে পিএসজিকে এগিয়ে নেন তিনি। ৯০তম মিনিটে নেইমারের বাড়ানো বল নিয়ে ডি বক্সে ঢুকে গোলরক্ষকের উপর দিয়ে বল পাঠিয়ে দেন জালে।
 
এই জয়ে প্রথম দুই ম্যাচ থেকে পিএসজির পয়েন্ট দাঁড়াল ৬।
 
ইত্তেফাক/কেআই