দৌলতপুরে মনোনয়ন বদলের দাবিতে বিক্ষোভ

আপডেট : ২৫ নভেম্বর ২০১৮, ২১:৫০

কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সরওয়ার জাহান বাদশাকে দেওয়ায় গতকাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আফাজ উদ্দিনের সমর্থকরা কুষ্টিয়া-প্রাগপুর সড়ক অবরোধ করে। এ সময় কয়েক হাজার নেতা-কর্মী তারাগুনিয়া শহরে কুষ্টিয়া-প্রাগপুর সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। এতে কয়েকশত যানবাহন আটকা পড়ে।

উপজেলা যুবলীগের সভাপতি মোদাচ্ছির  হোসেন বলেন, দৌলতপুরের পরীক্ষিত জনপ্রিয় প্রবীণ নেতা আফাজ উদ্দিন আহমেদকে মনোনয়ন না দেওয়ায় তারা হতবাক হয়েছেন। উপজেলা যুবলীগের সহ সভাপতি রাশেদ মিজান টুকু বলেন, দৌলতপুরের ত্যাগী ও পরীক্ষিত নেতাকে বাদ দিয়ে জনবিচ্ছিন্ন  সরওয়ার জাহান বাদশাকে মনোনয়ন দেওয়ায় সাধারণ নেতা-কর্মীরা তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন। যুবলীগ সহ-সভাপতি আব্দুল মান্নান বলেন, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি মেজর (অব) বজলুল হুদার স্বজন বিএনপি নেতার জামাই সরওয়ার জাহান বাদশাকে আওয়ামী লীগ কিভাবে মনোনয়ন দেয় তা তাদের বোধগম্য হচ্ছে না।

তারা অবিলম্বে এ মনোনয়ন বাতিল করে আফাজ উদ্দিন আহমেদকে মনোনয়ন দেবার দাবি জানান।