যুদ্ধে বিচ্ছিন্ন পরিবারগুলোর পুনর্মিলনের আয়োজন করবে উ. কোরিয়া

আপডেট : ২০ আগস্ট ২০১৮, ১০:১৮
কোরীয় যুদ্ধে দুই কোরিয়ায় বিচ্ছিন্ন হয়ে যাওয়া পরিবারগুলোর মধ্যে একটি সাময়িক পুনর্মিলনীর আয়োজন করবে উত্তর কোরিয়া। দেশটির জন্য তিন বছরের মধ্যে এটাই হবে প্রথম এমন আয়োজন। সোমবার থেকে শুরু হবে এই সাময়িক পুনর্মিলনীর শুরু। 
 
সোমবার থেকে দক্ষিণ কোরিয়া থেকে ৯৩ জন ও উত্তর থেকে ৮৮ জন ব্যক্তি তিন দিনের জন্য তাদের পরিবারের বিচ্ছিন্ন সদস্যদের সঙ্গে দেখা করতে পারবেন। অনেকের জন্য এটাই হবে যুদ্ধের পর পরিবারের সদস্যদের সঙ্গে প্রথম সাক্ষাৎ। উল্লেখ্য, ১৯৫০ থেকে ১৯৫৩ সালে পর্যন্ত স্থায়ী ছিল দুই কোরিয়ার মধ্যকার যুদ্ধ। 
 
 
যুদ্ধে বিচ্ছিন্ন পরিবারের সদস্যদের এরকম পুনর্মিলনীর আয়োজন আগেও বেশ কয়েকবার হয়েছে। ২০০০ সাল থেকে এখন পর্যন্ত ২০ বার দুই দেশের মধ্যে পুনর্মিলনী আয়োজিত হয়েছে।
 
এদিকে, রবিবার থেকেই পুনর্মিলনীর জন্য নিবন্ধিত হতে থাকে আগ্রহী ব্যক্তিরা। এদের মধ্যে অনেকের কোন ধারণাই নেই, তারা যুদ্ধের পর কার সঙ্গে দেখা করতে যাচ্ছে। এমন একজন হচ্ছেন লি গিয়ুম-শিম।
 
যুদ্ধের সময় লি ও তার চার বছরের ছেলে বিচ্ছিন্ন হয়ে যায়। লি মনে করতে পারেন না তার ছেলে দেখতে কেমন ছিল। তিনি বলেন, আমি নিশ্চিত নই, আমি তাকে চিনবো কি না। চার বছর বয়সে তার চেহারা কেমন ছিল আমার মনে নেই। আমার বিশ্বাসই হচ্ছে না আমি তার সঙ্গে দেখা করবো। এটা স্বপ্নের মতো লাগছে। 
 
উল্লেখ্য, ১৯৮৮ সাল থেকে এখন পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় ১ লাখ ৩২ হাজার মানুষ তাদের পরিবারের সদস্যদের সঙ্গে পুনর্মিলিত হওয়ার আশায় রেড ক্রসের পুনর্মিলন কর্মসূচীতে নিবন্ধন করেছে। এদের মধ্যে অর্ধেকের বেশিই মারা গেছেন। জীবিত আছেন ৫৭ ,০০৯জন। এদের মধ্যে ৩৬ হাজার ব্যক্তির বয়স ৮০ বছরের বেশি। ১২ হাজার ব্যক্তির বয়স ৯০ বছরের বেশি। 
 
ইত্তেফাক/ জেআর