আসন্ন ঈদ-উল-আযহার ঈদের প্রধান জামাত সকাল ৮টায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। সে সময় আবহাওয়া প্রতিকূলে থাকলে জাতীয় ঈদগাহ এর পরিবর্তে সকাল সাড়ে ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার জাতীয় ঈদগাহের সর্বশেষ প্রস্তুতি পরিদর্শনে এসে এমন কথা জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।
তিনি জানান, জাতীয় ঈদগাহে ৪ স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। নিরবিচ্ছিন্ন বিদুৎ ও জেনারেটরের ব্যবস্থা রাখা হয়েছে। জাতীয় ঈদগাহে একসঙ্গে প্রায় এক লাখ মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারবেন। প্রায় ৫ হাজার মহিলা মুসল্লিদের নামাজের ব্যবস্থাও রাখা হয়েছে। নামাজের পূর্বে একসঙ্গে ১৫০ জন পুরুষ মুসল্লি এবং ৫০জন মহিলা মুসল্লি একসঙ্গে অযু করতে পারবেন।
প্রথমবারের মতো এবার ঈদগাহ ময়দানের বাইরেও বোতলজাত পানির ব্যবস্থা করা হচ্ছে। ডিএসসিসির সৌজন্যে রাস্তায় নামাজ আদায়কারীদের পানির চাহিদা মেটানোর জন্য এই ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া বিগত কয়েক বছরের মতো এবারও বজ্রপাত প্রতিরোধক যন্ত্র বসানো হবে। একইসঙ্গে জরুরী টেলিফোন বুথ ও পর্যাপ্ত গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। ঈদের নামাজ আদায় করতে এসে কোন মুসল্লি অসুস্থ হয়ে পড়লে তাকে তাৎক্ষনিক চিকিৎসার ব্যবস্থা করা হবে জাতীয় ঈদগাহে।
ঈদগাহ মাঠ পরিদর্শনকালে কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলালসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/নূহু
