ইরাকে জোট সরকার গঠনের বিষয়ে একমত সদর ও আবাদিসহ চার জোট

আপডেট : ২১ আগস্ট ২০১৮, ১২:৪৬
ইরাকে জোট সরকার গঠনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি নেতৃত্বাধীন নাসর জোট ও আরো দু’টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসেছেন শিয়া নেতা মুকতাদা আল- সদর। গত নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ভোট পায় সদর নেতৃত্বাধীন সাইরুন জোট। তবে সরকার গঠনের জন্য পর্যাপ্ত আসন না পাওয়ায় জোট সরকার গঠনের আলোচনায় নেমেছেন তিনি। 
 
রবিবার আবাদির নাসর জোট, শিয়া নেতা আম্মার আল-হাকিম নেতৃত্বাধীন হিকমা জোট ও সাবেক প্রধানমন্ত্রী ইয়াদ আল্লাওয়ি নেতৃত্বাধীন ওয়াতানিয়া জোটের সঙ্গে মিলে জোট সরকার গঠনের বিষয়ে আলোচনা করেছেন আল-সদর।  আলোচনা শেষে চার জোট ঘোষণা দিয়েছে তার সরকার গঠনের জন্য মহাজোট গঠনে সম্মত হয়েছে।  
 
এক বিবৃতিতে জোট দলগুলো জানায়, আমরা আজকে একটি কেন্দ্রীয় জোট গঠনে সম্মত হয়েছি। একটি পার্লামেন্টারি জোট যেটি সরকার গঠন করতে পারে। আমরা এই বৈঠকে আমাদের অংশীদারদের সঙ্গে খোলাখুলি আলোচনার মাধ্যমে এই মহাজোট গঠনের সিদ্ধান্ত নিয়েছি। 
 
এই মহাজোট গঠনের ঘোষণার মাধ্যমে জোট দলগুলোর একটি অসাম্প্রদায়িক সরকার গঠনের প্রতিশ্রুতিও প্রতিফলিত হয়েছে। বিবৃতিতে মহাজোট জানায়, এই জোট নাগরিকত্ব, ন্যায় বিচার, সমতা ও সকল মানুষের জন্য একটি পরিমিত জীবন যাপনের ব্যবস্থা নিশ্চিত করার উদ্দেশ্যে কাজ করায় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। 
 
তবে চার জোটের এই মহাজোট মিলেও সরকার গঠনের জন্য পর্যাপ্ত ১৬৫টি আসন জোগাড় সম্ভব হয়নি। 
 
উল্লেখ্য, গত নির্বাচনে ৩২৯ আসনের মধ্যে সদর নেতৃত্বাধীন জোট পেয়েছে ৫৪ আসন। অন্যদিকে আবাদির নাসর জোট পেয়েছে  ৪২ আসন, হিকমা জোট পেয়েছে ১৯ আসন ও ওয়াতানিয়া জোট পেয়েছে ২১ আসন। সব মিলিয়ে মহাজোটের দখলে থাকা আসনের সংখ্যা হচ্ছে ১৩৭টি। সরকার গঠনের জন্য তাদের আরো ২৮ আসন দরকার। -আল জাজিরা
 
ইত্তেফাক/ জেআর