তুরস্কের রাজধানী আঙ্কারায় মার্কিন দূতাবাস লক্ষ্য করে চলন্ত গাড়ি থেকে গুলিবর্ষণের ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার চালানো এই হামলায় তুরস্ক ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনা আরো বৃদ্ধি করেছে।
সোমবার ভোর ৫:০০ টার দিকে একটি চলন্ত সাদা রঙের গাড়ি থেকে আঙ্কারায় অবস্থিত মার্কিন দূতাবাস লক্ষ্য করে ছয় রাউন্ড গুলি ছোড়া হয়। এর মধ্যে তিনটি গুলি একটি লোহার দরজা ও জানালায় আঘাত করে বলে জানিয়েছেন আঙ্কারার গভর্নর। তবে হামলায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
ঘটনার পরপরই হামলাকারীদের খোঁজে নেমে পড়ে স্থানীয় পুলিশ। পরবর্তীতে মধ্যবয়সী দুই ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়। এছাড়া একটি গাড়ি ও পিস্তল জব্দ করা হয়। তারা হামলা চালানোর বিষয় স্বীকার করেছে গ্রেফতারকৃতরা। উভয়েরই পূর্বে অপরাধের ইতিহাস রয়েছে।
পুলিশ জানিয়েছে, তারা গ্রেফতারকৃতদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে।
ইত্তেফাক/ জেআর
