“সমবায় ভিত্তিক সমাজ গড়ি, টেকসই উন্নয়ন নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার সারাদেশে ৪৭তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
খুলনা: সকালে খুলনা সমবায় বিভাগ ও জেলা সমবায় ইউনিয়ন যৌথভাবে আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর আয়োজন করে। খুলনা অফিসার্স ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। জেলা সমবায় ইউনিয়নের সভাপতি ইয়াকুব আলী খান পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক জিয়াউর রহমান প্রমুখ।
চট্টগ্রাম: সকাল ১০টায় জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের মূল কার্যক্রম শুরু হয়। এরপর অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করা হয়। ষোলশহর এলজিইডি মিলনায়তনে এক আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান। চট্টগ্রাম বিভাগীয় সমবায় দপ্তরের যুগ্ম-নিবন্ধক দিদার উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক খন্দকার গোলাম ফারুক, চট্টগ্রাম জেলা সমবায় কর্মকর্তা উপ-নিবন্ধক শেখ কামাল হোসেন প্রমুখ।
রংপুর: রংপুর সমবায় বিভাগ ও স্থানীয় সমবায়ীবৃন্দের আয়োজনে নগরীতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি রংপুর টাউন হল চত্বরে এসে শেষ হয়। পরে রংপুর টাউন হল অডিটোরিয়ামে এক আলোচনা সভা হয়। স্থানীয় সমবায়ী মো: আলী জিন্নাহের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিশনার মো: জয়নুল বারী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, রংপুরের জেলা প্রশাসক এনামুল হাবিব প্রমুখ।
লক্ষ্মীপুর: জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালেক্টরেট ভবন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও জেলা সমবায় অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির প্রমুখ।
পিরোজপুর: জেলা সমবায় অফিস থেকে শহরে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে জেলা সমবায় অফিস প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমবায় ব্যাংক লিঃ এর পরিচালক অ্যাডভোকেট শহীদুল হক পান্নার সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড পিরোজপুরের উপ-পরিচালক মোঃ ছরোয়ারুল আলম, সমবায় ব্যাংক লিঃ পিরোজপুরের সহ-সভাপতি বীরেন্দ্রনাথ বসু, জেলা সমবায় অফিসার হারুন অর রশিদ প্রমুখ।
নেত্রকোনা: পাবলিক হল প্রাঙ্গণ থেকে র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পাবলিক প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে জেলা সমবায় অফিসার আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ খালিদ হোসেন প্রমুখ।
পঞ্চগড়: পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে গিয়ে র্যালিটি শেষ হয়। পরে জেলা সমবায় কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সেখানে আলোচনা সভা হয়। এতে পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন ছিলেন প্রধান অতিথি।
বাগেরহাট: বাগেরহাট স্বাধীনতা উদ্যানের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শালতলাস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়। এতে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো: শাহাদাত হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তানজিল্লুর রহমান প্রমুখ।
গাইবান্ধা: স্থানীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সমবায় অফিসার আনিসুর রহমান। বক্তব্য রাখেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রোকসানা খাতুন, সমবায়ী হাসান মাহমুদ সিদ্দিক, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন প্রমুখ। এর আগে পাবলিক লাইব্রেরি চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের পর সমবায়ীদের একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সুনামগঞ্জ: জেলা সমবায় কার্যালয়ের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি থেকে র্যালি বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোহাম্মদ এমরান হোসেন প্রমুখ।
নীলফামারী: জেলা প্রশাসক চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান প্রমুখ। এরপর ভালো কাজের স্বীকৃতি স্বরূপ তিন সমবায় সমিতিকে ক্রেস্ট প্রদান করা হয়।
নাটোর: জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা সমবায় বিভাগের বাস্তবায়নে একটি বর্ণাঢ্য র্যালি শহরের কানাইখালী মাঠ থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এনএস সরকারি কলেজ অডিটরিয়ামে গিয়ে শেষ হয়। সেখানে সমবায় দিবস ভিত্তিক একটি সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। জেলা সমবায় অফিসার একেএম নাজমুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম রাব্বী। বিশেষ অতিথি ছিলেন সমবায় কর্মী এবং সাবেক সংসদ সদস্য মোঃ সাইফুল ইসলাম ও অবসরপ্রাপ্ত সমবায় অফিসার মোঃ তোফাজ্জল হোসেন প্রমুখ।
কোটালীপাড়া (গোপালগঞ্জ): জাতীয় সমবায় দিবস উদযাপন কমিটি ও সমবায় বিভাগের আয়োজনে একটি র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। কোটালীপাড়া ইউসিসিএ লিমিটেডের সভাপতি আব্দুল আজিজ মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির, পৌর মেয়র মো: কামাল হোসেন শেখ, উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা প্রমুখ বক্তব্য রাখেন।
ভাণ্ডারিয়া (পিরোজপুর): ভাণ্ডারিয়া উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীদের যৌথ উদ্যোগে শহরে একটি র্যালি বের হয়। পরে উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন আক্তার সুমীর সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, উপজেলা মত্স্য কর্মকর্তা গৌতম মন্ডল, উপজেলা সমবায় অফিসার সুনীল চন্দ্র প্রমুখ।
বামনা (বরগুনা): উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ শহরের প্রধান প্রধান সড়কে র্যালি বের করে। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুননাহার নাজু, উপজেলা সমবায় অফিসার মোঃ মনিরুল ইসলাম, কৃষি অফিসার সিএম রেজাউল প্রমুখ।
আগৈলঝাড়া (বরিশাল): উপজেলা পরিষদ চত্বরে সমবায়ী নারী পুরুষের সমন্বয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা পষিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দোলন চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান। আরও বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় বেবী হোমের উপ-তত্ত্বাবধায়ক আবুল কলাম আজাদ, মুক্তিযোদ্ধা সিরাজুল হক সরদার, ভাইস চেয়ারম্যাস জসীম সরদার প্রমুখ।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম): বিভিন্ন স্তরের সমবায়ী সদস্য, নেতৃবৃন্দ উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। উপজেলা সদর ইছাখালীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি উপজেলা গণ মিলনায়তনে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা হয়। আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ প্রধান অতিথি ছিলেন। আরও ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মুজিবর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আকতার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রেহেনা আকতার প্রমুখ।
ভেড়ামারা (কুষ্টিয়া): উপজেলা সমবায় অফিসের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহের মারুফ, উপজেলা সমবায় কর্মকর্তা এনামুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহাজাহান আলী প্রমুখ।
হাকিমপুর (দিনাজপুর): উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি হিলি স্থলবন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আকরাম হোসেন মন্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল ইসলামসহ অনেকে।
উল্লাপাড়া (সিরাজগঞ্জ): সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মারুফ বিন হাবিব জাতীয় পতাকা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান সমবায় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন। অফিস চত্বর থেকে বের করা হয় শোভাযাত্রা। এটি শহরের প্রধান সড়ক ঘুরে বিআরডিবি মিলনায়তনে এসে শেষ হয়। এখানে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মারুফ বিন হাবিব। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মারুফ হোসেন, উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কউশিক আহম্মেদ প্রমুখ।
কাহালু (বগুড়া): কাহালু উপজেলা সমবায় অফিসের আয়োজনে এক সমবায় র্যালি ও আলোচনা সভা হয়। র্যালি শেষে কাহালু উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরাফাত রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, কাহালু উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা তায়েব আলী, আওয়ামী লীগ কাহালু উপজেলা শাখার সভাপতি ও পৌর মেয়র হেলাল উদ্দিন কবিরাজ, কাহালু উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম প্রমুখ।
ফুলবাড়ি (দিনাজপুর):উপজেলা পরিষদ চত্বর থেকে পৌর শহরে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। শেষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরী। এতে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা এটিএম হামীম আশরাফ, উপজেলা সমবায় কর্মকর্তা মো. হাফিজুল ইসলাম, পৌর প্যানেল মেয়র মো. মামুনুর রশিদ চৌধুরী প্রমুখ।
কাঠালিয়া (ঝালকাঠি): কাঠালিয়ায় জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষে র্যালি-উত্তর এক আলোচনা সভা উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মো. কাওসার আহমেদ জেনিব সিকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. এমাদুল হক মনির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. ফাতিমা খানম, প্রেসক্লাব সভাপতি সিকদার মো. কাজল প্রমুখ।
বালিয়াকান্দি (রাজবাড়ী): উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও সমবায়ী পতাকা উত্তোলন করে একটি র্যালি বের হয়। র্যালিটি শহর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা হয়।
বালিয়াকান্দি কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ আব্দুল মালেক খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম রেজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ মানিক প্রমুখ। আলোচনা সভা শেষে ৬ জন শ্রেষ্ঠ সমবায়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
সৈয়দপুর (নীলফামারী): সৈয়দপুর উপজেলা সমবায় কার্যালয় ও স্থানীয় সমবায়ীদের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে ছিল জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি আলোচনা ও পুরস্কার বিতরণী। দুপুরে সৈয়দপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় জাতীয় সমবায় দিবসের মূল আলোচনা অনুষ্ঠান হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রওনক জাহান রিনু। পরে ৫টি সমবায় সমিতির সফল সমবায়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
সদরপুর (ফরিদপুর): উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ দরবার হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদারের সভাপতিত্বে আলোচনা সভা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা বিধান রায়, সদরপুর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সভাপতি কাজী খলিলুর রহমান প্রমুখ।
তেরখাদা (খুলনা): বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সমবায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকদের সমন্বয়ে র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক ও বাজার প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। বিআরডিবির চেয়ারম্যান এসএম সালাহ উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হোসনে আরা চম্পা।
কালাই (জয়পুরহাট): উপজেলা সমবায় অফিস আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রথমে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি কালাই-বগুড়া মহাসড়কে প্রদক্ষিণ করে একই স্থানে এসে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মোশারফ হোসেন কবিরাজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. ফজলার রহমান, উপজেলা কৃষি অফিসার রেজাউল করিম প্রমুখ।
কচুয়া (চাঁদপুর): কচুয়ায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অধিদপ্তরের আয়োজনে র্যালি বের হয়েছে। পরে উপজেলা সমবায় অফিসার মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও নীলিমা আফরোজ। আরো বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহাবুদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন প্রমুখ।
কালিয়াকৈর (গাজীপুর): জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করে জেলা সমবায় বিভাগ। সকালে র্যালিতে অংশ নেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক এমপি। র্যালিতে কালিয়াকৈর উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে থানা কম্পাউন্ড প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটরিয়ামে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ আইন উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মুরাদ কবীর, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন শিকদার প্রমুখ।
বেলকুচি (সিরাজগঞ্জ): দুপুরে জাতীয় ও সমবায়ের পতাকা উত্তোলন করা হয়। পরে র্যালি শেষে উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের আয়োজনে পরিষদের সভাকক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা সমবায় অফিসার হোসেন শহিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষক সমবায় সমিতির সভাপতি মোকারম হোসেন, প্রতিজ্ঞা সমবায় সমিতির সভাপতি হাজী শাহিদুল ইসলাম, ভাঙ্গাবাড়ী মহিলা বিত্তহীন সমবায় সমিতির সভাপতি শাহিনুর বেগম প্রমুখ।
