২১ আগস্ট গ্রেনেড হামলাকারীরা রক্ষা পাবে না: শিল্পমন্ত্রী

আপডেট : ২১ আগস্ট ২০১৮, ২০:৪৯
২১ আগস্টের গ্রেনেড হামলাকারীরা কেউ রক্ষা পাবে না বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। মঙ্গলবার সন্ধ্যায় ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে জেলা আওয়ামী লীগ আয়োজিত ‘রক্তাক্ত ২১ আগস্ট’ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
 
তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত মনে করেছিল শেখ হাসিনাকে হত্যা করতে পারলেই আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা যাবে। এজন্য সেদিন শেখ হাসিনাকে লক্ষ্য করেই গ্রেনেড হামলা চালানো হয়েছিলো। গ্রেনেড বিস্ফোরণে আইভি রহমানসহ ২৪ জন নিহত হলেও আল্লাহর রহমতে শেখ হাসিনা প্রাণে বেঁচে যান। যারা ওই হামলা করেছিলো তাদের বিচার বাংলার মাটিতেই হবে।’
 
ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, যুগ্ম-সম্পাদক মোবারক হোসেন মল্লিক, পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মন্নান রসুল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তরুণ কর্মকার ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হোসনে আরা মান্নান প্রমুখ।
 
ইত্তেফাক/বিএএফ