মাশরাফি বিন মোর্তুজা নড়াইলে ঈদের নামাজ আদায় করেছেন। বুধবার সকাল সাড়ে ৭টায় নড়াইল কেন্দ্রীয় ঈদগাহে ওয়ানডে অধিনায়ক ঈদের নামাজ আদায় করেন। এসময় ছেলে ছাহেল বিন মাশরাফি, ছোট ভাই মুরসালিন বিন মুর্তজা, মামা নাহিদুর রহমানসহ অন্যান্যরা তার সঙ্গে ছিলেন।
মাশরাফি পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলি করেন। তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছাও জানান।
এদিকে, মাশরাফি তার গ্রামের বাড়ি নড়াইল সদর উপজেলার চারিখাদা গ্রামে গরু কোরবানি করছেন। ঈদের নামাজ শেষে মাশরাফি তার নানা বাড়ি শহরের আলাদাতপুরে যান। মাশরাফিকে কাছে পেয়ে তার ভক্তরা আনন্দ প্রকাশ করেন।
মাশরাফি ছাড়াও নড়াইল কেন্দ্রীয় ঈদগাহে নামাজ আদায় করেন জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম, জেলা পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস, নড়াইল পৌর মেয়র মো. জাহাঙ্গীর বিশ্বাসসহ মুসল্লিরা।
ইত্তেফাক/জেডএইচ
