যুক্তরাষ্ট্রে গুপ্তচরবৃত্তির অভিযোগে দুই ইরানী আটক

আপডেট : ২২ আগস্ট ২০১৮, ১৩:৪৫
দুই ইরানী নাগরিককে গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত করেছে মার্কিন বিচার বিভাগ৷ ইহুদি স্থাপনার উপর নজরদারি এবং ইরান সরকার-বিরোধী একটি গোষ্ঠী সম্পর্কে তথ্য সংগ্রহের অভিযোগে চলতি মাসের শুরুর দিকে তাদের আটক করা হয়৷ খবর ডয়েচে ভেলের।
 
আটককৃতদের বিরুদ্ধে অভিযোগ, তারা তেহরানের হয়ে যুক্তরাষ্ট্রে গুপ্তচরবৃত্তি করেছে৷ তাদের নাম মোহাম্মদি ডি. এবং মজিদ জি.। ডয়েচে ভেলে জার্মান গণমাধ্যমের নীতিমালা অনুসরণ করে তাদের পুরো নাম প্রকাশ করেনি।
 
আটকৃতদের বিরুদ্ধে শিকাগোর কয়েকটি ইহুদি স্থাপনার উপর নজরদারি এবং ইরানের সরকার-বিরোধী গোষ্ঠী ‘মোজাহিদিন অফ ইরান’ (এমইকে) সম্পর্কে তথ্য সংগ্রহের অভিযোগ আনা হয়েছে৷ এমইকে হচ্ছে নির্বাসনে থাকা ইরানি ভিন্নমতাবলম্বীদের একটি গোষ্ঠী, যেটি সহিংস পথে ইরান সরকারকে উৎখাতের পক্ষে প্রচারণা চালাচ্ছে৷
 
গত ৯ আগস্ট গ্রেপ্তার করা হলেও ওয়াশিংটনের আদালত সোমবার তাদেরকে অভিযুক্ত করেছে৷ উভয়কেই যুক্তরাষ্ট্রে ইরান সরকারের অনিবন্ধিত গুপ্তচর হিসেবে কাজ করার এবং দেশটির উপর জারি করা নিষেধাজ্ঞা ভঙ্গ করে তথ্য সরবরাহের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে৷
 
ইত্তেফাক/ জেআর